এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ছিল অনিশ্চয়তা। রাজনৈতিক কারণে আছে নিরাপত্তা শঙ্কা। এমনকি এখন পর্যন্ত স্বাগতিক যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি দেশটির ফুটবলার ও কোচিং স্টাফরা।
নিরাপত্তার কথা ভেবে নিজেদের বেস ক্যাম্প মেক্সিকোয় সরিয়ে নিয়েছে দলটি। এর মধ্যেই সোমবার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইরান। যেখানে অভিজ্ঞ খেলোয়াড়দের প্রাধান্য দেয়া হয়েছে।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে দেশটির বিশ্বকাপের অংশগ্রহণ ছিল শঙ্কায়।
কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয় তারা। সেই লক্ষ্যেই হয়েছে দল ঘোষণা। এই দলে রয়েছে ১৭ জন দেশীয় লিগে খেলা খেলোয়াড়। যারা কি না যুদ্ধের প্রভাবে গত ফেব্রুয়ারি থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি।
অবশ্য দল থেকে বাদ পড়েছে সর্দার আজমাউন। ৯১ ম্যাচে ৫৭ গোল করা সত্ত্বেও তিনি দলে জায়গা পাননি। সরকারবিরোধী অবস্থানের কারণে তাকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে বলে গুঞ্জন রয়েছে।
ইরানের আক্রমণভাগে এবার নেতৃত্ব দেবেন ৩৩ বছর বয়সী তারকা তারেমি, যিনি বর্তমানে অলিম্পিয়াকোস এফসির হয়ে খেলছেন ও প্রিমিয়ার লিগে খেলা উইঙ্গার জাহানবক্স।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইরান বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় ক্যাম্প করছে। তবে শুক্রবার মেক্সিকোর তিহুয়ানায় তাদের টুর্নামেন্ট বেসে রওনা দেবে তারা। সেখানেই করা হবে তাদের বিশ্বকাপ ক্যাম্প।
গ্রুপ জি-তে ইরান তাদের প্রথম দু’টি ম্যাচ খেলবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসের ইনগলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ছয় দিন পর বেলজিয়ামের বিপক্ষে। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে।
গ্রুপ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করলে ইরান ও যুক্তরাষ্ট্র ৩ জুলাই ডালাসে অবস্থিত কাওবয়েজ স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হতে পারে।
ইরানের বিশ্বকাপ দল :
গোলকিপার : আলিরেজা বেইরানভান্দ, হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ
ডিফেন্ডার : দানিয়াল ইরি, এহসান হাজসাফি, সালেহ হারদানি, হোসেন কানানি, শোকা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান
মিডফিল্ডার : রুজবেহ চেশমি, সাঈদ ইজাতোলাহি, মেহেদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবক্স, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহেদি তোরাবি, আরিয়া ইউসেফি।
ফরোয়ার্ড : আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, মেহেদি তারেমি।



