বিশ্বকাপ এখনো মাঠেই গড়ায়নি, তবে এর মাঝেই চ্যাম্পিয়ন হয়ে গেছে স্পেন! ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা তো তাই বলছে। তাদের হিসাব-নিকাশ অনুযায়ী, স্পেন শিরোপা পুনরুদ্ধার করতে যাচ্ছে।
সবশেষ চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) শিরোপা জিতবে বলে নির্ভুল ভবিষ্যদ্বাণী দিয়েছিল ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা।
এবার আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরুর আগেও সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যে ভবিষ্যদ্বাণী শুনে খুশিই হতে পারেন লামিনে ইয়ামালরা।
সুপারকম্পিউটারের ১০ হাজার সিমুলেশনে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, ফলে আসন্ন বিশ্বকাপের প্রধান ফেবারিট হিসেবে দেখা হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের।
অপটার হিসাব অনুযায়ী, স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ। এরপরই রয়েছে ফ্রান্স (১৩ শতাংশ), ইংল্যান্ড (১১.২ শতাংশ) এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১০.৪ শতাংশ)।
এই চার দলকেই শিরোপার প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করছে সুপারকম্পিউটার। এখন দেখার অপেক্ষা তাদের হিসাব-নিকাশ কতটা মিলে যায়। অবশ্য এর উত্তর খেলা মাঠে গড়ালেই পাওয়া যাবে।
ইউরো ২০২৪ জয়ের পর থেকে ধারাবাহিক ভালো পারফরম্যান্স স্পেনকে এগিয়ে রেখেছে। তাদের বড় শক্তি জায়গা লামিন ইয়ামাল, অধিনায়ক রদ্রি, ফেরান তোরেস, মিকেল মেরিনো ও মিকেল ওইয়ারসাবালরা।
অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স, হ্যারি কেইনকে সামনে রেখে ইংল্যান্ড এবং লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনাও শক্তিশালী অবস্থানে রয়েছে।
এদিকে শিরোপার লড়াইয়ে দল হিসেবে পর্তুগাল, ব্রাজিল ও জার্মানির নাম উল্লেখ করা হয়েছে। অপটার মতে, পর্তুগালের শিরোপা জয়ের সম্ভাবনা ৭ শতাংশ, ব্রাজিলের ৬.৬ শতাংশ ও জার্মানির ৫.১ শতাংশ।
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে এবং যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে প্রতিযোগিতাটি।
আগামী ১১ জুন পর্দা উঠবে টুর্নামেন্টের, আর ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল।



