দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই বৈশ্বিক আসর। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে স্কোয়াড সাজাতে শুরু করেছে দলগুলো।
নিজেদের দল সাজাতে গিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফরাসিরা।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন ২০১৮ বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম। যেখানে প্রত্যাশিতভাবেই আছে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে।
এদিকে মাত্র মাস দেড়েক আগেও ফ্রান্সের হয়ে সবশেষ ম্যাচে খেলেছিলেন কামাভিঙ্গা। তবে তিনি নেই বিশ্বকাপ দলে। ইনজুরি ও অনিয়মিত খেলার কারণে এবার বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই মিডফিল্ডারের।
ফ্রান্সের বিশ্বকাপ দলে জায়গা হয়নি কোলো মুয়ানি ও গোলরক্ষক লুকার শেভালিয়ারও। এছাড়া বাদ পড়েছেন ক্রিস্টোফার এনকুনকু, কিংসলে কোমান ও হুগো একিটিকে।
অন্যদিকে ফ্রান্সের ঘরের ক্লাব পিএসজি থেকে পাঁচজন ফুটবলার জায়গা পেয়েছেন দলে। ব্যালন ডি অ’র জয়ী উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, ডিজায়ার দুয়ে, লুকাস হার্নান্দেজ ও ওয়ারেন জায়ার-এমেরি।
আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।
ফ্রান্সের বিশ্বকাপ দল
গোলকিপার : মাইক ম্যাগনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার : লুকাস ডিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, ম্যাক্সেন্স লাখোয়া, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।
মিডফিল্ডার : এন’গোলো কন্তে, মানু কোনে, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চুয়ামেনি, জায়ার-এমেরি।
ফরোয়ার্ড : ম্যাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, ডিজায়ার দুয়ে, জিন-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।



