বুড়োদের বিশ্বকাপে স্বাগতম

বয়সের দিক থেকে গড়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় খেলবেন পানামা দলে। এই দলের খেলোয়াড়দের গড় বয়স ৩০ বছর ১৫৫ দিন। পরের অবস্থানে আছে ইরান, গড় বয়স ৩০ বছর ১২১ দিন।

নয়া দিগন্ত অনলাইন

নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের সাথে একই কীর্তি গড়তে যাচ্ছেন মেক্সিকোর গোলকিপার গুইলারমো ওচোয়া।

এর আগে কোনো ফুটবলার ছয়টি বিশ্বকাপে খেলতে পারেনি। এ ছাড়া লুকা মদ্রিচ, ইউতু নাগাতোমো ও ম্যানুয়েল নয়্যাররা উত্তর আমেরিকায় পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন।

তাদের অন্তর্ভুক্তিই বলে দেয়, এবারের বিশ্বকাপটা হতে যাচ্ছে বুড়োদের বিশ্বকাপ। পরিসংখ্যানও এর পক্ষেই সাক্ষী দেয়। অন্তত ৪০ বছর বয়সী ৮ জন ফুটবলার আছেন এই আসরে। যা ইতিহাসে সর্বোচ্চ।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া মোট ১ হাজার ২৪৮ জন ফুটবলারের তালিকা বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে।

তালিকা অনুযায়ী, চল্লিশোর্ধ্ব আটজন ফুটবলার এবারের বিশ্বকাপের অংশ হতে যাচ্ছেন। এক আসরে এমন বয়সী এতো ফুটবলার এর আগে কখনো দেখা যায়নি।

মজার বিষয় হলো, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর সব আসর মিলিয়ে ৪০ বা তার বেশি বয়সী খেলোয়াড়ের সংখ্যাই ছিল মাত্র ৮ জন! সেখানে এবার এক আসরেই আছেন চল্লিশোর্ধ্ব ৮ জন।

এবার ন্যূনতম ৪০ বছর বয়সী আট ফুটবলার হলেন- ক্রেগ গর্ডন, ক্রিস্টিয়ানো রোনালদো, গিয়ের্মো ওচোয়া, লুকা মদরিচ, এডিন জেকো, ম্যানুয়াল নয়্যার, জোসিমার দিয়াজ ও ফার্নান্দো মুসলেরা।

এই আটজনের মধ্যে পাঁচজনই গোলরক্ষক—গর্ডন, ওচোয়া, নয়্যার, দিয়াজ ও মুসলেরা। আর এই পাঁচ গোলরক্ষকের মধ্যে গর্ডন ও দিয়াজ এবারই প্রথম বিশ্বকাপে খেলবেন।

তালিকায় সবচেয়ে বয়স্ক খেলোয়াড় স্কটল্যান্ডের গোলরক্ষক গর্ডন। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা স্কটিশদের পোস্ট সামলানোর মূল ভরসা ৪৩ বছর বয়সী এই গোলরক্ষক।

বর্তমানে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড রয়েছে মিসরের সাবেক গোলরক্ষক হিসাম আল-হাদারির নামে, যিনি ২০১৮ বিশ্বকাপে ৪৫ বছর ১৬১ দিন বয়সে মাঠে নেমে ইতিহাস গড়েছিলেন।

এরপরই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মহাতারকার বয়স ৪১ হলেও ধার কমেনি এতটুকু। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চে খেলতে যাচ্ছেন তিনি।

এ ছাড়া ম্যানুয়েল নয়্যার, লুকা মদরিচরাও মাঠে নামছেন ৪০ পেরিয়ে। মেক্সিকোর গোলরক্ষক ওচোয়াও তার ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন চল্লিশোর্ধ্ব বয়সেই।

এদিকে বয়সের দিক থেকে গড়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় খেলবেন পানামা দলে। এই দলের খেলোয়াড়দের গড় বয়স ৩০ বছর ১৫৫ দিন। পরের অবস্থানে আছে ইরান, গড় বয়স ৩০ বছর ১২১ দিন।