রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা উল্লাস বার্সেলোনার

রোববার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ২৯তম লিগ শিরোপা জেতে কালাতান ক্লাবটি। শিরোপা জেতাতে দলের হয়ে গোল করেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস। ক্লাসিকোতে আধিপত্য ছিল স্বাগতিকদেরই। গোলের উদ্দেশ্যে ১০টি শট নেয় বার্সা, যার সাতটি ছিল লক্ষ্যে।

নয়া দিগন্ত অনলাইন
রিয়ালকে হারিয়ে ট্রফি উল্লাসে মেতে উঠলো বার্সেলোনা দল
রিয়ালকে হারিয়ে ট্রফি উল্লাসে মেতে উঠলো বার্সেলোনা দল |সংগৃহীত

অপেক্ষা বাড়ালো না বার্সেলোনা। উপলক্ষ্যটা দারুণভাবে রাঙালো কাতালানরা। ঘরের মাঠে এলক্লাসিকো জিতে জিতলো শিরোপাও, মাতলো উল্লাসে। সেই সাথে নিলো প্রতিশোধও।

রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার ২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। তিন ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল হান্সি ফ্লিকের দল।

জিতলে কিংবা ড্র করলেই লিগ জয় নিশ্চিত- এমন সমীকরণ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামে বার্সা। হারলে কেবল বাড়তো অপেক্ষা। তবে অপেক্ষা বাড়ায়নি স্বাগতিক দল।

রোববার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ২৯তম লিগ শিরোপা জেতে কালাতান ক্লাবটি। শিরোপা জেতাতে দলের হয়ে গোল করেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস।

ক্লাসিকোতে আধিপত্য ছিল স্বাগতিকদেরই। গোলের উদ্দেশ্যে ১০টি শট নেয় বার্সা, যার সাতটি ছিল লক্ষ্যে।

অন্যদিকে, রিয়াল পুরো ম্যাচে আটটি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল কেবল একটি।

এল ক্লাসিকো এমনিতেই উত্তাপ ছড়ায়। তার উপর এই দ্বৈরথ ছিল আবার শিরোপা নির্ধারণী। লা লিগায় এমন উপলক্ষ্য বিরল। এবারের আগে সর্বশেষ এমন কিছু দেখা যায় ১৯৩২ সালে। ওই বার ড্র করে শিরোপা জেতে রিয়াল।

৬০ হাজারের বেশি দর্শকের সামনে মাত্র ৯ মিনিটেই এগিয়ে যায় বার্সা। ডি-বক্সের একটু বাইরে তরেস ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় তারা। যেখান থেকে দারুণ বাঁকানো শটে গোল করেন র‌্যাশফোর্ড।

এই নিয়ে লিগে সবশেষ ছয় ম্যাচে চারটি গোল করলেন র‌্যাশফোর্ড। আসরে তার গোল হলো আটটি, মৌসুমে সব মিলিয়ে ১৪টি।

দ্বিতীয় গোলটি আসে ৯ মিনিট পরই। দানি ওলমোর কাটব্যাক ফাঁকায় বল পেয়ে জোরাল শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তরেস। টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি।

এবারের লিগে স্প্যানিশ ফরোয়ার্ডের এটি ১৬তম গোল, মৌসুমে সব মিলিয়ে ২১টি। ১৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যাওয়া বার্সার জয়ের ব্যবধান আরো বাড়তে পারতো। তবে রিয়াল গোলরক্ষক থিবু কোর্তোয়ার দারুণ কিছু সেভ সেই লজ্জা থেকে বাঁচায়।

অন্যদিকে বেশ কয়েকবার মরিয়া আক্রমণ চালিয়েও বার্সার রক্ষণদূর্গ ভাঙতে পারেনি রিয়াল মাদ্রিদ। ৬৩তম মিনিটে একবার জালে বল পাঠাতে পারেন বেলিংহ্যাম, তবে তা অফসাইড হয়।

বাকি সময়েও আশা জাগানিয়া কিছু করতে না পারলে দাপটের সাথে ম্যাচ শেষ করে বার্সেলোনা। নিশ্চিত হয় তাদের শিরোপা।

৩৫ রাউন্ড শেষে ৩০ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৯১। এখনো ৩ ম্যাচ বাকি দলটার। সমান ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৭। তারা আছে দ্বিতীয় স্থানে।