সান মারিনো পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

দলের সাথে যোগ দিয়ে শামিত সোম এক ভিডিও বার্তায় বলেন, ‘আমার জার্নিটা ভালো ছিল। কিছু সময় আগে আমি দলের সাথে যোগ দিয়েছি। সবার সাথে দেখা হয়েছে। খুব ভালো লেগেছে। একটু আগে ট্রেনিং ক্যাম্প শুরু করেছি। সবাই অনেক পরিশ্রম করেছেন।’

নয়া দিগন্ত অনলাইন
ইউরোপ অভিযানে সান মারিনোতে বাংলাদেশ দল
ইউরোপ অভিযানে সান মারিনোতে বাংলাদেশ দল |সংগৃহীত

স্বপ্নপূরণের পথে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

রোববার (৩১ মে) বিকেলে ঢাকা ত্যাগ করা থমাস ডুলির শিষ্যরা ইতালির রোম হয়ে সড়ক পথে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সান মারিনো পৌঁছেছে। আগামী ৫ জুন হবে দুই দেশের একমাত্র ফ্রেন্ডলি ম্যাচটি।

দলের দুই বড় তারকা ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী সামিত সোমের সরাসরি সান মারিনোতে গিয়ে সতীর্থদের সাথে যোগ দেয়ার কথা ছিল।

এর মধ্যে সামিত সোম সোমবার বিকেলেই সান মারিনো পৌঁছেছেন। আর আজ মঙ্গলবার যোগ দিতে পারেন হামজা।

দলের সাথে যোগ দিয়ে শামিত সোম এক ভিডিও বার্তায় বলেন, ‘আমার জার্নিটা ভালো ছিল। কিছু সময় আগে আমি দলের সাথে যোগ দিয়েছি। সবার সাথে দেখা হয়েছে। খুব ভালো লেগেছে। একটু আগে ট্রেনিং ক্যাম্প শুরু করেছি। সবাই অনেক পরিশ্রম করেছেন।’

তিনি আরো বলেন, ‘এসেই আমি প্রথমে নতুন কোচের সাথে দেখা করেছি। ভালো লেগেছে তাকে। আগামী শুক্রবার আমাদের ম্যাচ। আশা করি ভালো করবো।’

সান মারিনো ইউরোপীয় প্রতিপক্ষ হলেও ফিফা র‌্যাংকিংয়ে তারা সবার নিচে, ২১১ নম্বরে। তবে দলটি নিয়মিত ইউরোপের বিভিন্ন দেশের বিপক্ষে ম্যাচ খেলে থাকে।