আরবেলোয়ার বিদায় ঘণ্টা বাজছে, রিয়ালের নতুন কোচ হচ্ছেন কে

রিয়াল মাদ্রিদের হতাশাজনক মৌসুম ও ড্রেসিংরুমের অস্থিরতার জেরে কোচ আলভারো আরবেলোয়ার বিদায় ঘনিয়ে এসেছে। নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন জোসে মরিনহো, পাশাপাশি রয়েছেন মরিসিও পচেত্তিনো ও জিনেদিন জিদান।

নয়া দিগন্ত অনলাইন
আলভারো আরবেলোয়া
আলভারো আরবেলোয়া |সংগৃহীত

মাঠের ফুটবলে দৈন্যদশা কাটছে না লস ব্লাঙ্কোজদের। আরো একটা শিরোপাহীন মৌসুম শেষ করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এদিকে মাঠের বাহিরেও নানা বিতর্কে সমালোচিত ক্লাবটি।

সম্প্রতি দলের দুই তারকা ফুটবলার ফেদে ভালভার্দে ও অরেলিন চুয়ামেনির মধ্যকার অপ্রীতিকর ঘটনা যেন রিয়ালের ঐতিহ্যে চপেটাঘাত করেছে। সেই সাথে ড্রেসিংরুম যে ভালো নেই, সেই বার্তাও দিচ্ছে।

এমতাবস্থায় ব্যর্থ মৌসুম ও ড্রেসিংরুমের বিশৃঙ্খলার জেরে রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়ার বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। সহসাই তাকে ছেড়ে দিতে যাচ্ছে ক্লাবটি।

এই পরিস্থিতিতে বার্নাব্যুর নতুন বস কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। সূত্রের খবর আনুষ্ঠানিক ঘোষণা না এলেও রিয়াল কর্তৃপক্ষ আরবেলোয়ার বিকল্প খোঁজার কাজ গুছিয়ে এনেছে।

লা লিগায় রোববার হাইভোল্টেজ ‘এল ক্লাসিকোয়’ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে অনেক কিছু। এই ম্যাচে হারলে আরবেলোয়ার বিদায় নিশ্চিত হয়ে যাবে।

সেই সাথে পরবর্তী কয়েক দিনের মাঝেই নতুন কোচের নাম ঘোষণা করতে পারে রিয়াল মাদ্রিদ। মার্কার প্রতিবেদন অনুযায়ী, যেখানে সম্ভাব্য কোচদের তালিকায় সবার ওপরে জোসে মরিনহো।

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সাথে মরিনহোর সুসম্পর্ক কারো অজানা নয়। আর ক্লাবের বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে মরিনহোর মতো কঠোর ব্যক্তিত্বের কোনো বিকল্প নেই।

মরিনহোর পুরোনো অভিজ্ঞতা ও জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণের দক্ষতাই তাকে সবচেয়ে শক্তিশালী প্রার্থী করে তুলেছে।

মরিসিও পচেত্তিনোর নামও আলোচনায় আছে। তাকেও পছন্দ করেন ফ্লোরেন্তিনো পেরেজ। যদিও সমর্থকদের মাঝে মরিনহোর মতো উন্মাদনা এই আর্জেন্টাইন কোচ তৈরি করতে পারেননি।

জনপ্রিয়তার দিক থেকে মরিনহোর ওপরে কেবল ইয়ুর্গেন ক্লপ ও জিনেদিন জিদান। তবে ক্লপ রিয়ালের দায়িত্ব নিতে প্রস্তুত নয়। আর জিদান বিশ্বকাপ শেষে ফ্রান্সের দায়িত্ব নেয়ার অপেক্ষায় আছেন।

অবশ্য ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশমের নামও আলোচনায় আছে। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই কোচ রিয়ালের ডাগআউটের দায়িত্ব নেয়ার দৌড়ে শক্তিশালী প্রার্থী।

এছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনির নামও এসেছে, যদিও ক্লাব ফুটবলে তার সীমিত অভিজ্ঞতা তাকে কিছুটা পিছিয়ে দিয়েছে।