আবারো এফএ কাপের ফাইনালে ম্যানসিটি, গড়ল ইতিহাস

সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপের ফাইনালে ওঠার ইতিহাস গড়ল ম্যানচেস্টার সিটি।

নয়া দিগন্ত অনলাইন
সাউদাম্পটনের বিপক্ষে জয় ম্যানচেস্টার সিটির
সাউদাম্পটনের বিপক্ষে জয় ম্যানচেস্টার সিটির |সংগৃহীত

নাটকীয়তার মধ্য দিয়ে এফএ কাপের ফাইনালে নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে সাউদাম্পটনকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় পৌঁছে গেছে পেপ গার্দিওয়ালার দল।

শনিবার রাতে ২-১ গোলের এই জয়ে ম্যানসিটি গড়েছে দারুণ এক রেকর্ড। ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপে ফাইনালে ওঠার গল্প লিখেছে তারা। এতে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন টিকে থাকল গার্দিওলার দলের। লিগ কাপ চ্যাম্পিয়ন দলটি স্বপ্ন দেখছে আবারো প্রিমিয়ার লিগ জয়ের।

ম্যাচজুড়ে সিটির আক্রমণের তোড়ে দিশেহারা ছিল সাউদাম্পটন। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে তারা। তবে কাঙ্ক্ষিত গোলটাই আসছিল না।

সিটিজেনদের একের পর এক সুযোগ নষ্টের মাঝেই চমক দেখায় সাউদাম্পটন। প্রথম গোলটা পেয়ে যায় তারাই, হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগিয়ে অঘটনের সম্ভাবনা জাগায় দলটা।

৭৯ মিনিটে ফিন এজাজের অসাধারণ এক গোলে এগিয়ে যায় সেইন্টরা। সতীর্থদের থেকে বল পেয়ে শরীরটাকে পুরো ঘুরিয়ে ডি-বক্সের বাইরে থেকে উঁচু শটে জাল খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার।

গোলের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি সিটি। এজাজের গোলের রেশ থাকতেই সমতা ফেরায় তারা। এমনকি ৫ মিনিটের মাঝে আদায় করে নেয় জোড়া গোল।

৮২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন ডকু, বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।আর ৮৭ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় ম্যানসিটি।

দূরপাল্লার বুলেট শটে বল জালে পাঠান নিকো গঞ্জালেস। ২০ গজ দূর থেকে গোল করেন তিনি। যা সিটিকে এগিয়ে দেয় ২-১ গোলে। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় পায় তারা।

এই নিয়ে টানা চতুর্থ মৌসুম এফএ কাপের ফাইনালে উঠল ম্যানসিটি। ফাইনালে তারা খেলবে আরেক সেমিফাইনালে চেলসি ও লিডস ইউনাইটেডের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে।