এবার আরো দুই প্রবাসী ফুটবলার আসছেন বাংলাদেশে। লাল-সবুজের জার্সিতে দেখা দেখা যেতে পারে অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফকে। তবে সরাসরি জাতীয় দল নয়, তাদের দেখা যাবে অনূর্ধ্ব-২০ দলে।
হামজা চৌধুরীর আগমনের পর দেশের ফুটবলের চিত্র যেন বদলে গেছে। একের পর প্রবাসী ফুটবলার গায়ে চাপাচ্ছেন বাংলাদেশের জার্সি। যার প্রভাব পড়েছে অনুর্ধ্ব ২০ দলেও।
রোনান সুলিভান ও ডেকলান সুলিভান এসপ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতান দলকে। এবার দলটার শক্তি আরো বহুগুণ বাড়াতে আসছেন অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ।
শুক্রবার (২৪ এপ্রিল) ভিডিও বার্তায় এই সুখবর নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি জানান, আগস্টে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে তাদের ক্যাম্পে ডাকার পরিকল্পনা করছে বাফুফে।
১৯ বছর বয়সী উইঙ্গার অ্যাডাম আব্বাসের প্রোফাইল দেখে রীতিমতো মুগ্ধ বাফুফের টেকনিক্যাল টিম। তার ম্যানচেস্টার ইউনাইটেডের যুবদল এবং বার্নলি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলার দারুণ অভিজ্ঞতা রয়েছে।
এই প্রসঙ্গে ফাহাদ জানান, ‘অ্যাডামের ভিডিও ফুটেজ ও তার বায়োডাটা আমি আমাদের টেকনিক্যাল টিমকে দিয়েছি। তারা খুবই মুগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে বলেছে যে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই হবে, সেই ক্যাম্পে তারা তাকে চায়।’
তবে ইংল্যান্ডে জন্ম নেয়া অ্যাডামের পাসপোর্টের কিছু প্রক্রিয়া এখনো বাকি আছে। তবে আরেক ফুটবলার জিদানের পাসপোর্টের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান তিনি। তাকে ক্যাম্পে ডাকার বিষয়টিও নিশ্চিত করেন ফাহাদ।
মূলত রক্ষণভাগ সামলাতে আসছেন ১৮ বছর বয়সী দীর্ঘদেহী সেন্টারব্যাক জিদান ইউসুফ। ইংল্যান্ডে অবস্থানরত ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার বর্তমানে ইংলিশ ক্লাব ‘ওয়ালটন অ্যান্ড হেরস্যাম এফসি’র মূল দলে খেলছেন।
বাফুফে আশা করছে, অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফকে অনূর্ধ্ব-২০ দলে যুক্ত করতে পারলে দলটি আরো শক্তিশালী হবে।
এই প্রসঙ্গে ফাহাদ বলেন, ‘আমাদের লক্ষ্য একটি প্রতিযোগিতামূলক অনূর্ধ্ব-২০ দল গঠন করা। এই দুই তরুণ সুযোগ পেলে দল আরো সমৃদ্ধ হবে।’
তিনি আরো জানান, উভয় খেলোয়াড়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং পারফরম্যান্স অনুযায়ী ভবিষ্যতে মূল স্কোয়াডেও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।



