রাত পোহালেই মাঠে নামছে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে দেশের মাটিতে পরপর দুইবার ‘বাংলাওয়াশ’-করার কৃতিত্ব আছে টিম বাংলাদেশের। অবশ্য সেটি এক যুগেরও বেশি সময় আগে; ২০১০ ও ২০১৩ সালে।

নয়া দিগন্ত অনলাইন
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে মেহেদী মিরাজের দল
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে মেহেদী মিরাজের দল |সংগৃহীত

রাত পোহালেই মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘ প্রায় এক মাসের বিরতি কাটিয়ে খেলায় ফিরছে টিম টাইগার্স। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মেহেদী মিরাজের দল।

ওয়ানডেতে সময়টা অনুকূলেই আছে বাংলাদেশের। শেষ দু’টি সিরিজেই জিতেছে টাইগাররা। ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

নিউজিল্যান্ডের বিপক্ষে নিশ্চয়ই অভিন্ন লক্ষ্য নিয়েই নামবেন তাসকিন-লিটনরা। সেই স্বপ্ন তারা দেখতেই পারেন। কিউইরা বড় প্রতিপক্ষ হলেও ইতিহাস কথা বলছে স্বাগতিকদের হয়ে।

ইতিহাস জানাচ্ছে, নিউজিল্যান্ডকে দেশের মাটিতে পরপর দুইবার ‘বাংলাওয়াশ’-করার কৃতিত্ব আছে টিম বাংলাদেশের। অবশ্য সেটি এক যুগেরও বেশি সময় আগে; ২০১০ ও ২০১৩ সালে।

অবশ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে শেষ সিরিজে পেরে উঠেনি বাংলাদেশ। ২০২৩ সালে কিউইরা স্বাগতিকদের হারিয়ে দেয় ২-০ ব্যবধানে। সিরিজের অন্য ম্যাচটা পরিত্যক্ত হয়।

এরপর বাংলাদেশে আর ওয়ানডে খেলতে আসেনি কিউইরা। এবার এসেছে- তাও নামমাত্র জাতীয় দল নিয়ে। যেখানে ইশ সোধি ও টম লাথাম থাকলেও চুক্তিবদ্ধ কেউ নেই এই দলটিতে।

চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ১২ জন খেলছেন ভারতের মাটিতে আইপিএলে। আর দু’জন খেলছেন পাকিস্তানের পিএসএলে। কাজেই বাংলাদেশে খেলতে আসা দলটি কিউইদের সেরা দল নয়।

নিউজিল্যান্ডের এই দলটির মাত্র তিনজনের বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। অধিনায়ক লাথামের সাথের দু’জন হলেন হেনরি নিকোলস ও উইল ইয়াং।

তবে নিক কেলি, ড্যান ক্লিভার, ডিক্স ফক্সক্রফট, আদিত্য অশোক, জেডেন লেনক্সরা ‘এ’ দলের হয়ে সিরিজ খেলে গেছেন। সেই অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন তারা।

এই দলের বিপক্ষে জেতাটা মোটেই কঠিন হওয়ার কথা নয়। টাইগারদের জেতার সম্ভাবনাই বেশি। তবে নিশ্চিন্ত থাকার উপায় নেই। কিউই তরুণেরা নিজেদের প্রমানে নিশ্চয়ই সবটা দিয়েই খেলবে।

পরিসংখ্যানও অবশ্য নিউজিল্যান্ডের পক্ষে। এখন পর্যন্ত ওয়ানডেতে দুই দলের ৪৬ দেখায় বাংলাদেশ জয় পেয়েছে ১১টিতে, আর হার ৩৪টি ম্যাচে। আর একটি ম্যাচ ছিল অমীমাংসিত।