চলতি বছরের মাঝামাঝি আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সিরিজটি সম্ভবত হচ্ছে না। আর্থিক সঙ্কটের কারণে সিরিজটি আয়োজন করতে পারছে না আইরিশরা।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি বছরের জুলাইয়ে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে আপাতত সিরিজটি মাঠে গড়াচ্ছে না বলে খবর রটেছে।
শুক্রবার ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) নিজেদের আগামী হোম ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে, যেখানে বাকি সব ঠিক থাকলেও, নেই বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি।
লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতা ও সমস্যার কারণে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড— এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে ইএসপিএন ক্রিকইনফো।
যদিও বিসিবিকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আয়ারল্যান্ড। তবে বিসিবি’র এক কর্মকর্তা জানিয়েছেন, এই সিরিজ নিয়ে আগে থেকেই একটা ‘যদি-কিন্তু’ ছিল।
এমন পরিস্থিতিতে আগামী জুলাই-আগস্টে থাকছে না বাংলাদেশের ক্রিকেটারদের কোনো সিরিজ। ফলে ভারতের বিপক্ষে সিরিজের জন্য অপেক্ষা করতে হবে প্রায় মাস দেড়েক।
এদিকে বাংলাদেশ সিরিজ বাতিল করলেও ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আইরিশরা। যেখানে মে মাসে নিউজিল্যান্ডের সাথে একটি চার দিনের টেস্ট খেলবে।
আগামী জুনে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারত সফর করবে আয়ারল্যান্ড। আর বাংলাদেশে বিপক্ষে সিরিজ বাতিল করে আফগানিস্তানের সাথে ম্যাচের সংখ্যা বাড়িয়েছে আইরিশরা।



