ব্যস্ত আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটাররা।
আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সাদা বলের সিরিজের জন্য ১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড।
ঈদুল ফিতরের ছুটি শেষে শুক্রবার মিরপুরে জাতীয় দলের ক্যাম্পে ৩৭ জন খেলোয়াড় যোগ দেন। পাকিস্তানর সুপার লিগে (পিএসএল) খেলার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি ছয়জন ক্রিকেটার। তারা হলেন- মোস্তাাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম।
এছাড়া ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন হাই পারফরম্যান্স ইউনিটের অলরাউন্ডার এস এম মেহেরব হাসান, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা আব্দুল গাফফার সাকলাইন, রুয়েল মিয়া এবং একসময় জাতীয় দলে খেলা মোসাদ্দেক হোসেনও।
২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) অংশ নেয়ার আগে ১৬ এপ্রিল পর্যন্ত ক্যাম্পে থাকবেন টেস্ট খেলোয়াড়রা।
১৩ এপ্রিল পর্যন্ত ক্যাম্পে থাকবেন সাদা বলের ফরম্যাটের খেলোয়াড়রা। এরপর নিউজিল্যান্ডর সিরিজের জন্য জাতীয় দলের সাথে যুক্ত হবেন তারা। ১৭ এপ্রিল থেকে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ।
এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা দল নিয়েও ক্যাম্প হবে। ২৭ এপ্রিল থেকে টি২০ সিরিজ শুরু হবে।
সূত্র : বাসস



