ক্রিকেটের বাতাস লেগেছে সৌদি আরবেও। আইপিএলের আদলে দেশটি শুরু করতে যাচ্ছে তাদের প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ, যার নাম ‘ডিউনস লিগ টি-টোয়েন্টি’।
পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবরেই এই টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে। ডিউনস লিগ টি-টোয়েন্টিতে অংশ নেবে ছয়টি দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা জেদ্দার কাছে তায়েফ শহরে।
দক্ষিণ এশিয়ান নেটওয়ার্কের সাথে যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। এর সাথে যুক্ত রয়েছে দু’টি আন্তর্জাতিক ট্যালেন্ট এজেন্সি-ইউনিক স্পোর্টস গ্রুপ ও প্রোলিথিক।
ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দেয়া হয়েছে।
ফুটবল-গলফে আগেই বড় বিনিয়োগ করেছিল সৌদি। গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলছিল, আইপিএলের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি বড় টি-টোয়েন্টি লিগ আনতে পারে তারা।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনও একটা সময় সৌদি বিনিয়োগে একটি বৈশ্বিক টি-টোয়েন্টি সার্কিট গঠনের সম্ভাবনার কথা জানিয়েছিল। এবার সেই ধারণাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
জানা গেছে, প্রতিটি দলে সর্বোচ্চ চারজন এমন ক্রিকেটার রাখা যাবে, যারা গত দুই বছরের মাঝে পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ফলে আইসিসির বিশেষ অনুমোদনের প্রয়োজন হবে না।
টুর্নামেন্টে অংশ নেয়া ক্রিকেটারদের জন্য আকর্ষণীয় পারিশ্রমিকও রাখা হয়েছে। শীর্ষ তারকারা প্রায় এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পারিশ্রমিক পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ক্রিকেটে সৌদি আরবের সম্পৃক্ততা এখন পর্যন্ত কম হলেও দেশটি ইতোমধ্যে আইসিসির সাথে স্পনসরশিপ চুক্তি করেছে ও ২০২৪ সালে আইপিএল নিলামের আয়োজক ছিল।
এছাড়াও সৌদি আরবের সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আইএলটি২০ ও ফেয়ারব্রেক ওমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের সাথেও দেশটির সংশ্লিষ্টতা রয়েছে।



