নেতৃত্ব হারাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক

অফফর্মের কারণে সূর্যকুমার যাদবকে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরানোর কথা ভাবছে বিসিসিআই, এমনকি তার দলে জায়গাও অনিশ্চিত হয়ে পড়েছে। নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ার সবচেয়ে এগিয়ে আছেন।

নয়া দিগন্ত অনলাইন
সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদব |সংগৃহীত

নেতৃত্ব হারাচ্ছেন সূর্য কুমার যাদব। ভারতকে টানা দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ককে সরিয়ে দেয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ইতোমধ্যে নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

চলতি মাসেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তবে তার আগেই সূর্যকুমারের নেতৃত্বভার কেড়ে নেয়া হয়েছে। এমনকি দলেও তার জায়গা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিসিসিআইয়ের এক মুখপাত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। তাদের তথ্যানুযায়ী টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটি মিলে এমন সিদ্ধান্ত নিয়েছে।

খবরে বলা হয়েছে, ‘কোচ গৌতম গম্ভীরের সাথে বিসিসিআই, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটির বৈঠকে ভারতের নতুন অধিনায়ক বেছে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সূর্যকুমারের নেতৃত্বে দল বিশ্বকাপ জিতলেও, তার অফফর্ম ও ভবিষ্যৎ বিবেচনায় কিছুটা নড়েচড়ে বসার কথা ভাবছেন সবাই।’

এমনকি কেবল তিনি নেতৃত্বই হারাচ্ছেন না, দল থেকেও সম্ভবত বাদ পড়তে যাচ্ছেন। বিসিসিআইয়ের ওই মুখপাত্রের মতে, ‘তিনি আর দল বাছাইয়ে বিবেচনায় থাকছেন না ও এই সিদ্ধান্ত দ্রুতই তাকে জানিয়ে দেয়া হবে।’

অবশ্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করছেন স্বয়ং সূর্য কুমারই। ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই তিনি। আইপিএলেও দেখা গেছে তার নমুনা। যেখানে ১৩ ইনিংসে ২০.২৭ গড়ে তিনি করেছেন মোটে ২৭০ রান।

এদিকে নতুন অধিনায়কের সন্ধানে নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শ্রেয়াস আইয়ার। যদিও প্রায় তিন বছর ধরে টি-টোয়েন্টি দলের বাইরে রয়েছেন তিনি।

ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচে ফিফটি করলেও এরপর আর এই সংস্করণে সুযোগ পাননি তিনি। তবে আইপিএলে ধারাবাহিক তার ব্যাট।

কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জেতানোর পর আরেক দল পাঞ্জাব কিংসকেও ফাইনালে তুলেন আইয়ার। তার নেতৃত্ব ও ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ নির্বাচকেরা। ভাবাচ্ছে তাকে নিয়ে।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে ভারত।