নতুন ইনিংস শুরু করার পথে আব্দুর রাজ্জাক। ক্রিকেটে ফিরছেন নতুন রূপে। সাবেক তারকা এই খেলোয়াড়কে দেখা যেতে পারে কোচিং পেশায়। অভিষেক হতে পারে ডিপিএলেই।
ক্রিকেট ছাড়ার পর থেকে অবশ্য ক্রিকেটের সাথেই ছিলেন আব্দুর রাজ্জাক। নির্বাচক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ছিলেন ক্রিকেট প্রশাসনেও। সপ্তাহখানেক আগেও ছিলেন বিসিবি পরিচালক।
গত অক্টোবরের বিসিবি নির্বাচনে খুলনা বিভাগ থেকে পরিচালক হয়ে বোর্ডে আসেন তিনি। কিন্তু চলতি সপ্তাহে হঠাৎ সেই বোর্ড ভেঙে যাওয়ায় আব্দুর রাজ্জাক এখন আর কোনো দায়িত্বেই নেই।
এই সুযোগে এবার কোচিং পেশায় যুক্ত হতে যাচ্ছেন তিনি। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই এই নতুন ক্যারিয়ার শুরু করতে পারেন বাংলাদেশের সাবেক এই বাঁহাতি স্পিনার।
সম্প্রতি কোচিং লাইসেন্সের সর্বোচ্চ ধাপগুলোর একটি লেভেল থ্রি কোর্স সম্পন্ন করেছেন রাজ্জাক। ফলে অভিজ্ঞতা নিয়েই প্রথমবারের মতো পেশাদার কোচিংয়ে আসছেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি দলের সাথে প্রাথমিক আলোচনা চলছে তার। সবকিছু ঠিক থাকলে শিগগিরই কোনো একটি দলের সাথে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেন তিনি।



