পিএসএলে আম্পায়ার হিসেবে অভিষেক হচ্ছে বাংলাদেশের সৈকতের

আগামী ৩ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে পিএসএলের এবারের আসরের।

নয়া দিগন্ত অনলাইন
শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত
শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত |ফাইল ছবি

আম্পায়ার হিসেবে শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত এখন বেশ পরিচিত মুখ। বিশ্বকাপের মতো বড় আসরেও দেখা মিলছে তার। তবে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা মেলেনি সৈকতের।

তবে এবার সেই অপেক্ষা ফুরাতে যাচ্ছে। বিদেশী লিগে আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে সৈকতের। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে খুলতে যাচ্ছে দরজা।

পিএসএলের আসন্ন আসরকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে প্রথমবারের মতো দেখা যাবে বাংলাদেশের এই আম্পায়ারকে।

পিসিবি প্রকাশিত অফিশিয়ালদের তালিকায় সৈকত ছাড়াও আছেন আইসিসির এলিট প্যানেলের আরো চার সদস্য— আহসান রাজা, ক্রিস গাফানি, অ্যালেক্স ওয়ার্ফ ও আলাহউদ্দিন পালেকার।

এ ছাড়া আম্পায়ারিং প্যানেলে স্থানীয় আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজদের পাশাপাশি আন্তর্জাতিক প্যানেল থেকে থাকছেন ক্রিস ব্রাউন।

এবারের আসরে ম্যাচ রেফারির প্যানেলে বড় চমক ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি রিচি রিচার্ডসন। তার সাথে থাকছেন টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ ম্যাচ রেফারি রোশান মহানামা।

আগামী ২৬ মার্চ লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসের মধ্যকার উদ্বোধনী ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ ও আহসান রাজা।

টিভি আম্পায়ারের দায়িত্বে আসিফ ইয়াকুব ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তারিক রশিদ। রোশান মহানামা ম্যাচ রেফারির দায়িত্ব পালনের মাধ্যমে টুর্নামেন্ট শুরু করবেন।

এবারের পিএসএল বাংলাদেশের দর্শকদের জন্য বাড়তি আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে খেলবেন বাংলাদেশের ৬ জন ক্রিকেটার।

লাহোর কালান্দার্সে রয়েছেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। পেশোয়ার জালমির হয়ে খেলবেন শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম ও রাওয়ালপিন্ডিতে আছেন রিশাদ হোসেন।

এ ছাড়া মাঠের লড়াইয়ের বর্ণনায় প্রথমবারের মতো যোগ দিচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খান।

আগামী ৩ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে পিএসএলের এবারের আসরের।

এক নজরে ম্যাচ অফিসিয়ালদের তালিকা

আম্পায়ার
আহসান রাজা, ক্রিস গ্যাফানি, শরফুদ্দৌলা সৈকত, আল্লাহুদ্দিন পালেকার, অ্যালেক্স হোয়ার্ফ, ক্রিস ব্রাউন, আসিফ ইয়াকুব, রশিদ রিয়াজ, ফয়সাল খান আফ্রিদি, নাসির হুসেন, জুলফিকার জান, আবদুল মুকিত, আলে হায়দার, ইমরান জাভেদ এবং তারিক রশিদ।

ম্যাচ রেফারি
স্যার রিচার্ড রিচার্ডসন, রোশন মহানামা, আলী নকভি, কামরান চৌধুরী, বিলাল খিলজি, ইফতিখার আহমেদ, আলিম মুসা ও সোহেল ইদ্রিস।