মিরপুর টেস্টে মন্থর ওভার রেট, বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে গত মঙ্গলবার রোমাঞ্চকর শেষ দিনে ১০৪ রানে হারে পাকিস্তান। তিন দিন পর এসে সেই ম্যাচে মন্থর ওভার রেটের জন্য দলটিকে শাস্তি দেয়ার কথা জানাল আইসিসি।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান টেস্ট দল
পাকিস্তান টেস্ট দল |ফাইল ছবি

মিরপুর টেস্টে হেরে এমনিতেই চাপে ম্যান ইন গ্রিনরা। পাকিস্তান জুড়ে চলছে শান মাসুদদের তীব্র সমালোচনা। এবার দলটা পেলো আরো বড় দুঃসংবাদ, তাদের শাস্তি দিয়েছে আইসিসি।

মন্থর ওভার রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। সেই সাথে মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছে তাদের। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিসি।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে গত মঙ্গলবার রোমাঞ্চকর শেষ দিনে ১০৪ রানে হারে পাকিস্তান। তিন দিন পর এসে সেই ম্যাচে মন্থর ওভার রেটের জন্য দলটিকে শাস্তি দেয়ার কথা জানাল আইসিসি।

ম্যাচ রেফারি জেফ ক্রো জানান, বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টে নির্ধারিত সময়ের তুলনায় পাকিস্তান আট ওভার কম বল করেছে। এতে পাকিস্তানকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সেই সাথে কেটে নেয়া হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য একটি করে পয়েন্ট কেটে নেয়া হয়। ফলে ৮ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে তিন ম্যাচ খেলা পাকিস্তানের পয়েন্ট এখন মাত্র ৪। পয়েন্ট কাটার আগে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ছিল তারা। এখন অষ্টম স্থানে নেমে গেছে দলটি (১১.১১ শতাংশ)।

পাকিস্তানের নিচে আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্টও ৪, হার ৪.১৭। তালিকায় সবার ওপরে অস্ট্রেলিয়া (৮৭.৫)। তিন ম্যাচ খেলে ১৬ পয়েন্ট বাংলাদেশের। ৪৪.৪৪ শতাংশ নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।