ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী, জিতলেন একগাদা পুরস্কার

আইপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে একই সাথে জিতেছেন উদীয়মান ক্রিকেটার ও সেরা ক্রিকেটারের পুরস্কার। ফাইনাল দেখতে এসে নিজ হাতেই নিয়েছেন এসব পুরস্কার।

নয়া দিগন্ত অনলাইন
মাঠে সাফল্যের উজ্জ্বল স্বীকৃতির মুহূর্ত
মাঠে সাফল্যের উজ্জ্বল স্বীকৃতির মুহূর্ত |সংগৃহীত

রাজস্থান রয়্যালস শিরোপা জিততে পারেনি, কিন্তু তাদের ওপেনার বৈভব সূর্যবংশী সব আলো কেড়েছেন। রেকর্ডের পাহাড় পাড়ি দিয়ে একগাদা পুরস্কার জিতেছেন।

আইপিএলের সমাপনীতে একাই পাঁচটি পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের এই বিস্ময়-বালক। ১৫ বছর বয়সী এই ক্রিকেটার পেয়েছেন ৫৫ লাখ রুপি পুরস্কার।

আইপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে একই সাথে জিতেছেন উদীয়মান ক্রিকেটার ও সেরা ক্রিকেটারের পুরস্কার। ফাইনাল দেখতে এসে নিজ হাতেই নিয়েছেন এসব পুরস্কার।

তার ব্যাটে ভর করেই প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত আসে রাজস্থান। যেখানে অবশ্য তারা হেরে যায় গুজরাটের কাছে। ফাইনালে উঠতে না পারায় অশ্রুসিক্ত ছিলেন সূর্যবংশী।

তবে ফাইনাল শেষে হাসি ফিরেছে তার মুখে। সব মিলিয়ে ১৬ ইনিংসে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেন সূর্যবংশী। হাঁকিছেন সর্বোচ্চ ৭২ছক্কা, যা দ্বিতীয় স্থানে থাকা অভিষেক শর্মার চেয়েও ২৯ বেশি।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান) ও ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডস ছাড়াও সুপার স্ট্রাইকার অব দ্য সিজন ও সুপার সিক্সেস অব দ্য সিজন অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।

তার পুরস্কারের ঝাঁপি দেখে সঞ্চালক রবি শাস্ত্রি তো বলেই ফেললেন, ‘ঘরে ফিরে গিয়ে বড় দেখে একটি আলমারি নিয়ে নেবেন, কারণ এত সব ট্রফি রাখার জায়গা হবে না আপনার।’

এদিকে গুজরাটের পেসার কাগিসো রাবাদা সর্বোচ্চ উইকেট নিয়ে পার্পল ক্যাপ পেয়েছেন। ১৭ ম্যাচে ৯.৬৮ ইকোনমি রেটে ২৯ উইকেট নেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বার পার্পল ক্যাপ পেলেন প্রোটিয়া পেসার।

সর্বোচ্চ ৭৫টি চার মেরে পুরস্কার জিতেছেন সাই সুদর্শন। তার গুজরাট সতীর্থ মোহাম্মদ সিরাজ জিতেছেন সর্বোচ্চ ডট বল দেয়ার পুরস্কার। ১৭ ম্যাচে তিনি দিয়েছেন ১৭২টি ডট।

এছাড়া মানিশ পান্ডের কাছে সেরা ক্যাচ ও পাঞ্জাব কিংসের ঘরে গেছে ফেয়ারপ্লের পুরস্কার।