বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারো হারলো রংপুর। খারাপ সময় দীর্ঘ হচ্ছে তাদের। এবার সিলেটের কাছে ধরাশায়ী আসরের অন্যতম শক্তিশালী দলটি। ব্যাটে-বলে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি সাবেক চ্যাম্পিয়নরা।
সোমবার (১২ জানুয়ারি) ঘরের মাঠে সিলেট টাইটান্স মুখোমুখি হয় রংপুর রাইডার্সের। যেখানে আগে ব্যাট করে ১৯.২ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় রংপুর। বিপরীতে ১৭.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় পায় সিলেট।
ব্যাট হাতে এই ম্যাচে আবারো জ্বলে উঠেন পারভেজ ইমন। আগের ম্যাচেই তিনি দিয়েছিলেন রানে ফেরার আভাস। আজ ৪১ বলে খেলেন ৫২ রানের ইনিংস। তবে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাসুম।
নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম মিলে আগে ব্যাট করা রংপুরকে চেপে ধরেন বেশ। ৪.৩ ওভারে ২৭ রানেই তাই ৩ উইকেট হারিয়ে ফেলে দলটা। লিটন দাস করেন ১২ বলে ২২। তাওহীদ হৃদয়ের ব্যাটে আসে ৪ রান।
এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান খুশদিল শাহ (৩০) ও ইফতেখার আহমেদ (১৭)। তবে ১২ ওভারে ৭৬ রান তুলতেই ৫ উইকেট হারায় রংপুর। সেখান থেকে মাহমুদউল্লাহর ২৩ বলে ২৯ রানে তিন অঙ্কের ঘরে পৌঁছায় দল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৬.৪ ওভারে ৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েন পারভেজ ইমন ও তৌফিক খান। ২২ বলে ৩৩ করে তৌফিক আউট হলে ভাঙে জুটি। এরপর ২৬ বলে ২১ রান করে আউট হন আরিফুল।
জয়ের খুব কাছে এসে আফিফ হোসেন (১২) ও ইথান ব্রুকস (০) দ্রুত ফিরলেও জয় পেতে সমস্যা হয়নি সিলেটের। রংপুরের হয়ে নাহিদ রানা নেন ২ উইকেট।



