গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। এরপর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ায় গত ৫ মাসে আর টি-টোয়েন্টি খেলা হয়নি টাইগারদের।
তবে সবকিছু ঠিক আগামীকাল (২৭ এপ্রিল) দুপুরে চলতি বছরে প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নামবে লিটন দাসের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে খেলবে টাইগাররা।
সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যার বদলে দুপুর ২টায় শুরু হবে খেলা।
প্রায় ৬ মাস পর টি-টোয়েন্টি খেলতে নামায় স্বাভাবিকভাবেই খানিকটা চাপে থাকবেন ক্রিকেটাররা। তারপর আবার এমন একটা দলের বিপক্ষে খেলা, যারা গত বিশ্বকাপের রানার্সআপ।
তবে আপাতত ব্যাটারদের ওপর বাড়তি চাপ দিতে চান না লিটন। তিনি মনে করছেন, কয়েকটি ম্যাচ খেললেই ব্যাটাররা নিজের জায়গা থেকে পরিস্থিতি বুঝে আক্রমণাত্মক হয়ে উঠবে।
রোববার সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘অনেকদিন পর আমরা টি-টোয়েন্টি খেলছি। তাই কোনো বাড়তি চাপ দিতে চাচ্ছি না। দুই একটা ম্যাচ খেললে যে যার জায়গা বুঝতে পারবে। একটা সেটআপেরও বিষয় আছে।’
‘যদিও অনেকদিন পরে আবার টি-টোয়েন্টি খেলছি, চ্যালেঞ্জিং হলেও সবাই নিজের পারফরম্যান্স করার চেষ্টা করবে। কয়েকটা ম্যাচ খেললে আবার এই জিনিসটা ঠিক হয়ে যাবে।’
আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ও ভারত, দুই সিরিজেই আছে টি-টোয়েন্টি। টানা সিরিজ থাকাকে ইতিবাচক মনে করছেন অধিনায়ক লিটন দাস।
তিনি বলেন, ‘একটা ভালো দিক যে এই বছরের যে নয়টা টি-টোয়েন্টি হবে, তিনটাই ভালো টিমের সাথে এবং ব্যাক টু ব্যাক সিরিজগুলো আছে। একটা খেললে পরের সিরিজটা আমাদের জন্য একটু হলেও সহজ হবে।’



