চাপ বাড়ছে বাংলাদেশের। ৬ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। জয়ের জন্য এখনো ৩৬ বলে ৫৩ রান প্রয়োজন। মাঠে আছেন তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।
শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না। চতুর্থ ওভারে পরপর দুই বলে উইকেট তুলে নেন নাথান স্মিথ। তানজিদ তামিম ২ ও নাজমুল হোসেন শান্ত আউট হন কোনো রান না করেই।
২১ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরেন সাইফ হাসান ও লিটন দাস। পাকিস্তান সিরিজের ব্যর্থতা কাটিয়ে ফিফটি তুলে নেন সাইফ। যা তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশ।
যদিও ইনিংসটা আর বড় হয়নি। তার ৮ চার ১ ছক্কায় সাজানো ইনিংসটা শেষ হয় ৭৬ বলে ৫৭ রানে। তাতে ভাঙে লিটন দাসের সাথে তার ১১৬ বলে ৯৩ রানের জুটি।
দ্রুত ফেরেন লিটনও।২৮ ওভারে দলকে ১৩২ রানে রেখে আউট হন তিনি। ফেরার আগে ৬৮ বলে করেন ৪৬ রান। এরপর তাওহীদ হৃদয় ও আফিফ মিলে ৫২ রান যোগ করলেও রানে গতি ছিল না।
এই জুটি ভাঙে আফিফের বিদায়ে। ৫ম উইকেট হারায় বাংলাদেশ। ৪৯ বলে ২৭ রানে আফিফ আউট হলে চাপে পড়ে যায় দল। সেই চাপ আরো বাড়ে মিরাজ ১৪ বলে মাত্র ৬ রানে আউট হলে।
৪৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৯৫। জয়ের জন্য এখনো ৩৬ বলে ৫৩ রান প্রয়োজন। যেখানে তাওহীদ হৃদয় ছাড়া স্বীকৃত ব্যাটার নেই আর কেউ।



