প্রস্তুত হচ্ছেন মৃত্যঞ্জয় চৌধুরী। তাসকিন-নাহিদ রানাদের পাশে দাঁড়াতে নিজেকে গড়ছেন যেন নতুন করে। যার ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে।
এবারের আসরে মোহামেডানের জার্সিতে খেলছেন মৃত্যুঞ্জয়। এখন পর্যন্ত মাঠে নেমেছেন দু’টি ম্যাচে। তাতেই কেড়ে নিয়েছেন সব আলো, নিয়েছেন ১১ উইকেট।
প্রথম ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মৃত্যুঞ্জয় পেয়েছিলেন ৪১ রানে ৫ উইকেট। সেই কীর্তি ছাপিয়ে গতকাল বুধবার বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে নেন মাত্র ২২ রানে ৬ উইকেট।
তার দুর্দান্ত বোলিংয়ে বসুন্ধরা স্ট্রাইকার্স ২৩.৫ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়। যা ৮.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই ম্যাচ জেতে মোহামেডান।
এনামুল হক বিজয় ২৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫০ ও মোহাম্মদ নাঈমের ২১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। এই জয়ে আসরে চার ম্যাচের সবগুলো জিতলো সাদা-কালোরা।
অন্যদিকে আলো ছড়াচ্ছেন রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম। গাজী গ্রুপের বিপক্ষে ৬ উইকেট নেয়ার পথে হ্যাটট্রিক পেয়েছেন প্রাইম ব্যাংকের এই ক্রিকেটার।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এই প্রথম পাঁচ উইকেট শিকার করলেন আলিস। আর এই সংস্করণে হ্যাটট্রিক করা বাংলাদেশের পঞ্চদশ বোলার আলিস। দুইবার করে হ্যাটট্রিক করেন রুবেল হোসেন ও মোহাম্মদ শরিফ।
আলিসের স্পিনে ১৯৮ রানের বিশাল জয় পায় প্রাইম ব্যাংক। ৩০৩ রানের পুঁজি গড়ে গাজী গ্রুপকে স্রেফ ১০৫ রানে গুটিয়ে দেয় তারা। শেষ তিন উইকেট তুলে হ্যাটট্রিক করেন আলিস।
আলিস এবারের প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন। ৪ ম্যাচেই তার শিকার সর্বোচ্চ ১৫ উইকেট। যেখানে ইকোনমি তিনের একটু বেশি, আর উইকেট প্রতি গড় মাত্র ৮!
এই দুই বোলারে পাখির চোখ করে আছেন নির্বাচকেরাও। আগামী দিনে হয়তো লাল-সবুজের জার্সিতে দেখা মিলবে তাদের।



