মাঠের ক্রিকেটে তেমন সাফল্য না থাকলেও মাঠের বাইরে বরাবরই আলোচনায় বাংলাদেশ ক্রিকেট। কখনো ঘটনায়, কখনো রটনায় উত্তপ্ত হয়ে ওঠে ক্রিকেট পাড়া। সাম্প্রতিক সময়ে যা বেড়েছে আরো।
এমতাবস্থায় পরিস্থিতি সামলাতে ও গুঞ্জনের ঘোড়ার লাগাম টানতে কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, নিয়েছে অদ্ভুত উদ্যোগ। সাংবাদিকদের যখন-তখন স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি।
বিসিবি সভাপতিকে নিয়ে মিথ্যা খবর ছড়িয়ে পড়ার একদিন পর মিরপুরের ক্রীড়া সাংবাদিকদের নিয়ে কড়া বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিবির আমন্ত্রণ ছাড়া মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না ক্রীড়া সাংবাদিকরা। মূলত শুক্রবার (৩০ জানুয়ারি) বিসিবি সভাপতিকে নিয়ে একটি মিথ্যে খবর ছড়িয়ে পড়ার পর সাংবাদিকদের নিয়ে এমন কড়া বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
যদিও বলা হয়েছে, স্টেডিয়াম ও আশেপাশের নিরাপত্তা বৃদ্ধির জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন বিধি অনুযায়ী সাংবাদিকদের জন্য স্টেডিয়ামে প্রবেশের একমাত্র নির্ধারিত পথ ১ নম্বর গেইট। এ ছাড়া সংবাদমাধ্যমের প্রতিনিধিরা শুধু নির্দিষ্ট কিছু উপলক্ষে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন।
মিরপুর স্টেডিয়ামে যদি কোনো ম্যাচ থাকে তাহলে মাঠে প্রবেশের সুযোগ পাবেন ক্রীড়া সাংবাদিকরা। এছাড়া আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স থাকলেও স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন তারা। বিসিবি যদি কোনো ইভেন্টের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায় তাহলে স্টেডিয়ামে প্রবেশে বাধা থাকবে না ক্রীড়া সাংবাদিকদের।



