পাকিস্তানকে হারিয়ে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় অগ্রগতি করেছে এবং ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছে। এই পরিবর্তনের ফলে তারা সাময়িকভাবে ভারতকে পেছনে ফেলে টেবিলে ছয় নম্বরে নামিয়ে দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

পাকিস্তানকে ধবলধোলাই করে আনন্দে ভাসছে বাংলাদেশ। রীতিমতো উড়ছে টাইগাররা। এমন বলে-কয়ে, ডমিনেট করা জয় এ দেশের ক্রিকেট কমই দেখেছে।

এদিকে এই জয় চাপে ফেলে দিয়েছে ভারতকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তাদেরকে টপকে গেছে বাংলাদেশ। টাইগাররা এই মুহূর্তে উঠে এসেছে শীর্ষ পাঁচে।

মিরপুরে প্রথম টেস্ট জিতেই সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ শেষে তিন ম্যাচে ১৬ পয়েন্ট (৪৪.৪৪ শতাংশ) নিয়ে টেবিলের ৬ নম্বরে ছিল টাইগাররা।

এবার সিলেটেও পাকিস্তানকে হারিয়ে সেই সম্ভাবনাই সত্য করল নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচ জিতে এখন ২৮ পয়েন্ট নিয়ে (৫৮.৩৩ শতাংশ) ৫ নম্বরে উঠে গেছে তারা। আর ছয়ে নেমে গেছে ভারত।

এখন পর্যন্ত চ্যাম্পিয়নশিপে দুই সিরিজে চার ম্যাচ খেলে দু’টি টেস্ট জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের সাথে এই দুই জয়ে তারা পেয়েছে ২৪ পয়েন্ট। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটি ম্যাচ ড্র করায় যোগ হয়েছিল ৪ পয়েন্ট।

সব মিলিয়ে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে এখন পাঁচ নম্বরে নাজমুল হোসেন শান্তর দল। ৪৮.১৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমেছে ভারত। তবে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। মোট ৮৭.৫০ পয়েন্ট তাদের। এছাড়া ৭৭.৭৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউজিল্যান্ড।

তালিকার পরের নামগুলো যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৭৫.০০ শতাংশ), শ্রীলঙ্কা (৬৬.৬৭ শতাংশ), বাংলাদেশ (৫৮.৩৩ শতাংশ), ভারত (৪৮.১৫ শতাংশ), ইংল্যান্ড (৩১.৬৭ শতাংশ), পাকিস্তান (৮.৩৩ শতাংশ) ও ওয়েস্ট ইন্ডিজ (৪.১৭ শতাংশ)।