তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সিরিজকে সামনে রেখে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে চারজন দেশী আম্পায়ারদের সাথে থাকছেন দুই বিদেশী আম্পায়ার। আর ম্যাচ রেফারি হিসেবে দুই সিরিজের ৬ ম্যাচের সবগুলোতেই দেখা যাবে প্রকাশ ভাটকে।
প্রথম ওয়ানডেতে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স হোয়ার্ফ ও গাজী সোহেল। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা। চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলী খান।
দ্বিতীয় ওয়ানডেতে আহসান রাজার সাথে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন তানভীর আহমেদ। তৃতীয় আম্পায়ার হিসেবে দেখা যাবে অ্যালেক্স হোয়ার্ফকে সাথে চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলী খান।
পরের ওয়ানডেতে হোয়ার্ফ ফিরবেন অনফিল্ডে, সাথে থাকবেন মাসুদুর রহমান। তৃতীয় আম্পায়ার হিসেবে দেখা যাবে আহসান রাজাকে, চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলী খান।
অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না কোনো বিদেশী আম্পায়ার। সব আম্পায়ারই থাকবেন বাংলাদেশী।
প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে গাজী সোহেলের সাথে দেখা যাবে মোর্শেদ আলী খানকে। তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
দ্বিতীয় ওয়ানডেতে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সাথে মাঠে দেখা যাবে তানভীর আহমেদকে। তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।
শেষ টি-টোয়েন্টি ম্যাচে অনফিল্ডে সৈকতের সাথে দেখা যাবে মাসুদুর রহমান মুকুলকে। তৃতীয় আম্পায়ার হিসেবে গাজী সোহেল থাকছেন, চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।
উল্লেখ্য, ৯, ১১ ও ১৪ জুন ঢাকায় মাঠে গড়াবে সিরিজের তিন ওয়ানডে ম্যাচ। ১৭, ১৯ এবং ২১ জুন চট্টগ্রামে গড়াবে সিরিজের তিন টি-টোয়েন্টি।



