সিলেট টেস্টে স্বস্তির লিড পেল বাংলাদেশ

চা বিরতির পর দুই ওভারে দুই উইকেট তুলে নেন নাহিদ, খুররম শেহজাদ (১০) ও সাজিদ খানকে ফেরান তিনি। ততক্ষণে অবশ্য লিড কমে আসে অনেকটা।

নয়া দিগন্ত অনলাইন
বাবরকে ফেরানোর পর উজ্জীবিত হয়ে ওঠে স্বাগতিকরা
বাবরকে ফেরানোর পর উজ্জীবিত হয়ে ওঠে স্বাগতিকরা |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

সিলেট টেস্টে স্বস্তির লিড পেল বাংলাদেশ। পাকিস্তানকে ২৩২ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করবে ৪৬ রানে এগিয়ে থেকে।

লিডটা আরো বড় হতে পারতো। ১৮৪ রানেই ৮ উইকেট তুলে নিয়েছিল পাকিস্তানের। তবে এরপর সাজিদ খানের ব্যাটে ভর করে ব্যবধান কমিয়ে আনে সফরকারীরা। সাজিদ করেন ২৮ বলে ৩৮ রান।

রোববার (১৭মে) দ্বিতীয় দিনে কী করতে হতো, আগের দিনে সংবাদ সম্মেলনে বলে দিয়েছিলেন লিটন দাস। জানিয়েছিলেন সকাল সকাল কিছু উইকেট তুলে নিলে চাপে পড়ে যাবে পাকিস্তান।

তার কথা মিললো অক্ষরে অক্ষরে। প্রথম সেশনে ৭৫ রানে ৪ উইকেট তুলে নিয়ে তাসকিন ও মিরাজ দলকে করে তুলেন আত্মবিশ্বাসী। যেই আত্মবিশ্বাসে ভর করে ২৭৮ রানের পুঁজি নিয়েও লিড পেল দল।

দিনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই প্রথম উইকেট এনে দেন তাসকিন আহমেদ। তার বল আব্দুল্লাহ ফজলের ব্যাট ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। ফজল আউট হয়ে ফেরেন ২১ বলে ৯ রান নিয়ে।

পরের ওভারে এসে আরেক ওপেনার আজান আওয়াইসকেও (৩৪ বলে ১৩) ফেরান তাসকিন। বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান জোড়া উইকেট হারায় মাত্র ২ রানের মাঝেই।

সকাল সকাল ২ উইকেট হারানোর পর শান মাসুদ ও বাবর আজমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। তবে জুটি বড় হতে দেননি মেহেদী মিরাজ। ২৬ বলে ২১ রান করা মাসুদকে ফেরান তিনি।

৩ উইকেট হারিয়ে পাকিস্তানের রান দাঁড়ায় ৬১। এরপর সৌদ শাকিলকে নিয়ে হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন বাবর আজম। ২৪.৫ ওভারে দলীয় ৭৯ রানে ফেরেন শাকিল। তাকে ৮ রানেই থামান মিরাজ।

এরপর সালমান আগাকে নিয়ে আরো ১৭ রান তুলে বিরতিতে যায় পাকিস্তান। বিরতি থেকে ফিরে ৬৩ বলে ফিফটি তুলে নেন বাবর। যা সাদা পোশাকে তার ৩১তম পঞ্চাশ। তবে ইনিংসটা আর বেশি বড় হয়নি।

বাবরকে শিকার করে উইকেটের খাতা খোলেন নাহিদ রানা। তার ফুল লেংথ বলে ফ্লিক করতে ক্যাচ তোলেন বাবর, সালমানের সাথে গড়া ৬৩ রানের জুটি ভেঙে ফেরেন ৮৪ বলে ৬৮ রান নিয়ে।

বাবরকে ফেরানোর পর উজ্জীবিত হয়ে ওঠে স্বাগতিকরা। তবে একটু বেশিই যেন উজ্জীবিত হন তাইজুল ইসলাম। বাবর ফেরার খানিকটা পরই সালমান আগাকে ফেরান তিনি, ২১ রান নিয়ে ফেরেন আগা।

পরের উইকেটটাও তার, ফেরান মোহাম্মদ রিজওয়ানকে। ২৭ বল খেলে ১৩ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন তিনি। তাতেই পাকিস্তান হারায় তাদের শেষ স্বীকৃত ব্যাটারকে। ১৭৪ রানে হারায় ৭ উইকেট।

এরপর হাসান আলী ও সাজিদ খান মিলে চেষ্টা করেছেন ব্যবধান কতটা কমিয়ে আনা যায়। ৩৭ বলে ১৮ রানে হাসানকে ফিরিয়ে সেই চেষ্টা অনেকটা রুখে দেন তাইজুল। তবে থামেননি সাজিদ। হয়ে ওঠেন আগ্রাসী।

তবে নাহিদ রানার আগ্রাসনের সাথে পেরে ওঠেননি। চা বিরতির পর দুই ওভারে দুই উইকেট তুলে নেন নাহিদ, খুররম শেহজাদ (১০) ও সাজিদ খানকে ফেরান তিনি। ততক্ষণে অবশ্য লিড কমে আসে অনেকটা।

বল হাতে বাংলাদেশের হয়ে নাহিদ রানা ও তাইজুল নেন তিনটি করে উইকেট। দুইটি করে উইকেট নেন মেহেদী মিরাজ ও তাসকিন আহমেদ।