দ্বিতীয় দিনটা কি নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ

টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে আর নিজেদের ভুলে মাত্র ১০৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে দলকে ২৭৮ রানে পৌঁছান লিটন দাস।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Sylhet
বাংলাদেশের ক্রিকেটাররা
বাংলাদেশের ক্রিকেটাররা |নয়া দিগন্ত

সিলেট টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের অনুকূলে ছিল না মোটেও। লিটন দাস যদিও মান বাঁচিয়েছেন—তবু হাহাকার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। দ্বিতীয় দিনে তাই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের।

টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে আর নিজেদের ভুলে মাত্র ১০৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে দলকে ২৭৮ রানে পৌঁছান লিটন দাস।

শেষ বিকেলে অবশ্য ৬ ওভার ব্যাট করেছিল পাকিস্তান। তবে স্বাগতিকরা সায়াহ্নের সুবিধাটা নিতে পারেনি, বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। বোলাররা পারেনি প্রভাব রাখতে।

তবে আজ রোববার দ্বিতীয় দিনে চ্যালেঞ্জ নিতে হবে বোলারদের।

সিলেট আর মিরপুরের মাঝে পার্থক্য আছে। মিরপুরের উইকেট যেমন সময়ের সাথে সাথে বোলারদের সহায়তা করে, এখানে সহায়তা পাচ্ছেন ব্যাটাররা। পিচ যেন হয়ে উঠেছে আরো ব্যাটিং বান্ধব।

পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেয়া খুররম শেহজাদেরও দিন শেষে সে রকমই মনে হচ্ছে।

তিনি বলেন, ‘এই পিচ ঢাকার চেয়ে আলাদা। ওখানে বোলাররা সাহায্য পেয়েছে। অনেক জায়গায় ফেটে ছিল, অসম বাউন্স ছিল। এখানে মনে হচ্ছে অনেক রান করা যাবে। আমরা যদি একটা জুটি পাই, তাহলে ৪০০-৪৫০ রান করতে পারব।’

উইকেট যে ব্যাটারদের সাহায্য করছে সেটি বুঝতে পারছেন লিটনও।

তিনি বলেন, ‘সিলেটের উইকেটটা এখন অনেকটাই ব্যাটিং-ফ্রেন্ডলি হয়ে গেছে। কন্ডিশনটা যদি এমন না হত, হয়তো প্রথম দিন থেকেই ব্যাটিং সহজ হয়ে যেত।’

দ্বিতীয় দিনের পরিকল্পনার কথাও জানিয়ে লিটন বলেন, ‘আমরা চেষ্টা করব যে রানগুলো দিয়েছি, সেখান থেকে যেন লিড নিতে পারি। সকালের ১০টা ওভার খুবই গুরুত্বপূর্ণ। সেখান থেকে যদি এক-দুইটা উইকেট নিতে পারি, তাহলে ওরা ব্যাকফুটে চলে যাবে।’

নতুন দিনে বোলারদের করণীয় কি সে বিষয়ে লিটন বলেন, ‘বোলারদের দায়িত্বটা অনেক বেশি। যদি স্টিল ভালো জায়গায় বল করে যান অনেক লম্বা সময়ের জন্য, হয়ত তারা ভুল করবে এবং সেই ভুলগুলো আমাদের কাজে আসবে।’

মাঠের বাইরে নিশ্চয়ই পরিকল্পনার কমতি নেই। এবার সেই পরিকল্পনা মাঠে কাজে লাগাতে পারলেই হয়। যা কাজে লাগাতে হবে তাসকিন-নাহিদ রানাদের। সকাল ১০টা থেকে নিশ্চয়ই সেই চেষ্টাই করে যাবেন তারা।

উল্লেখ্য, আজ সিলেটে দ্বিতীয় দিনে ১৬ বলে ৮ রান নিয়ে ব্যাট করতে নামবেন আব্দুল্লাহ ফজল। সাথে আছেন ২০ বলে ১৩ রান নিয়ে অপরাজিত থাকা আজান আওয়াইজ। পাকিস্তান এখনো ২৫৭ রানে পিছিয়ে আছে।