গুরুতর আঘাত পেয়েছেন তালাত, ভেঙে গেছে কাঁধের হাড়

ছুটে গিয়ে বাউন্ডারি লাইনের কাছ থেকে ফ্লিট করে বলটি ভেতরে টেনে পাঠাতে গিয়ে তালাত গুরুতর আহত হন। নিজেকে সামলাতে না পেরে পেরিয়ে যান বাউন্ডারি লাইন।

নয়া দিগন্ত অনলাইন
হাসপাতালে নেয়া হচ্ছে হোসাইন তালাতকে
হাসপাতালে নেয়া হচ্ছে হোসাইন তালাতকে |নয়া দিগন্ত

ম্যাচের মাঝেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে হোসাইন তালাতকে। লিটন দাসের শটে চার বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এ পাকিস্তানি খেলোয়াড়।

শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দ্বিতীয় ইনিংসে এমন ঘটনা ঘটে। ষষ্ঠ ওভারে দ্বিতীয় বলে লিটন দাস অফ-সাইডে পাঞ্চ করলে চার বাঁচানোর জন্য ছুটেন তালাত।

ছুটে গিয়ে বাউন্ডারি লাইনের কাছ থেকে ফ্লিট করে বলটি ভেতরে টেনে পাঠাতে গিয়ে তালাত গুরুতর আহত হন। নিজেকে সামলাতে না পেরে পেরিয়ে যান বাউন্ডারি লাইন।

সেখানে গ্যালারির দেওয়ালে গিয়ে ধাক্কা খান। আঘাত লাগার পরে ঘুরে মাটিতে পড়ে যান তালাত। বুঝাই যাচ্ছিল মাথায় ও ঘাড়ে বাজেভাবে আঘাত পেয়েছেন তিনি।

ম্যাচ রেফারি, ফিজিও ও মেডিক্যাল টিম দ্রুত তালাতের কাছে পৌঁছান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তিনি উঠতেও পারছিলেন না। ফলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরীক্ষা করে জানা যায় আঘাত বেশ গুরুতর। তালাতের কাঁধের হাড় আলাদা হয়ে গেছে। ফলে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।

উল্লেখ্য, এর পরের ওভারেই বৃষ্টি আর বজ্রপাতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির আগে অবশ্য চাপেই ছিল বাংলাদেশ। বল হাতে দাপট দেখাচ্ছিল পাকিস্তান।

৬.৩ ওভারে ২৭ রান তুলতেই হারিয়েছিল ৩ উইকেট। জয়ের জন্য এখনো ২৪৮ রান প্রয়োজন। যেখানে আগে ব্যাট করে ৪৭.৩ ওভারে ২৭৩ রান করে পাকিস্তান।