এবারের বিপিএলে সময়টা ভালো যাচ্ছে না ঢাকা ক্যাপিটালসের। টানা হারে বিপর্যস্ত রাজধানীর দলটা। এর মাঝেই আরো বড় ধাক্কা খেল তারা। ক্যাপিটালসকে রেখে মাঝপথেই চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ায় বিপিএল ছেড়েছেন এই ইংলিশ কোচ। সোমবার সকালেই ঢাকা ছেড়েছেন তিনি। ফলে ঢাকাকে তাদের মাঠে বিপিএলের অংশটা খেলতে হবে ভারপ্রাপ্ত কোচ নিয়ে।
মাঠের ক্রিকেটে সুবিধাজনক অবস্থানে নেই ঢাকা। এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে দলটি। আছে প্লে অফের আগেই ছিটকে যাবার শঙ্কা।
এমতাবস্থায় প্রধান কোচকে হারিয়ে খানিকটা বিপাকেই পড়েছে ঢাকা। এর আগে টুর্নামেন্টের শুরুতেই মাঠে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন ঢাকার সিনিয়র সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি।
তখন জ্যাকির জায়গায় দায়িত্ব নেন গোলাম মর্তুজা। সম্ভবত বিপিএলের বাকি ম্যাচগুলোতে ঢাকার প্রধান কোচের ভূমিকাও পালন করবেন তিনি।



