ফিফটি করে ফিরলেন সাইফ, হাল ধরে আছেন লিটন

ইনিংসটা বড় করতে পারলেন না সাইফ হাসান। তার ৮ চার ১ ছক্কায় সাজানো ইনিংসটা শেষ হলো ৭৬ বলে ৫৭ রানে। তাতে ভেঙেছে লিটন দাসের সাথে তার ১১৬ বলে ৯৩ রানের জুটি।

নয়া দিগন্ত অনলাইন
ফিফটি করে ফিরেছেন সাইফ
ফিফটি করে ফিরেছেন সাইফ |সংগৃহীত

ইনিংসটা বড় করতে পারলেন না সাইফ হাসান। তার ৮ চার ১ ছক্কায় সাজানো ইনিংসটা শেষ হলো ৭৬ বলে ৫৭ রানে। তাতে ভেঙেছে লিটন দাসের সাথে তার ১১৬ বলে ৯৩ রানের জুটি।

অবশ্য ফেরার আগে বাংলাদেশকে পৌঁছে দিয়ে গেছেন তিন অঙ্কে। ফলে শুরুর বিপর্যয় কাটিয়ে জয়ের পথেই আছে টাইগাররা। ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২৪ রান।

শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না। চতুর্থ ওভারে পরপর দুই বলে উইকেট তুলে নেন নাথান স্মিথ। তানজিদ তামিম ২ ও নাজমুল হোসেন শান্ত আউট হন কোনো রান না করেই।

এরপর হাল ধরেন সাইফ হাসান ও লিটন দাস। পাকিস্তান সিরিজের ব্যর্থতা কাটিয়ে ফিফটি তুলে নেন সাইফ। যা তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশ। যদিও ইনিংসটা আর বড় হলো না।

ও’রুর্কের বলে বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মিড অনে ক্লার্কসনের হাতে। সাইফ ফেরার পর এখন লিটন হাল ধরেছেন তাওহীদ হৃদয়কে নিয়ে। লিটন ব্যাট করছেন ৫৭ বলে ৪১ রান নিয়ে।

উল্লেখ্য, শুক্রবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি কিউইরা। আগে ব্যাট করে ৮ উইকেটে তুলে ২৪৭ রান। যা তাড়া করে জয় পেতে ২৫ ওভারে আরো ১২৪ রান প্রয়োজন। যেখানে টাইগারদের হাতে আছে আরো ৭ উইকেট।