স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজের বোলিংয়ে পাকিস্তান ৩০ ওভারে ৪ উইকেটে ৯৬ রানে থেমে মধ্যাহ্ন বিরতিতে গেছে। চাপের মধ্যে থাকলেও এখনো পাকিস্তানের বড় ভরসা বাবর আজম।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

স্বস্তি নিয়েই মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। প্রথম সেশনেই পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়েছেন তাসকিন-মিরাজরা। সব মিলিয়ে বিরতির আগে সফরকারীদের স্কোর ৩০ ওভারে ৪ উইকেটে ৯৬।

রোববার (১৭ মে) দ্বিতীয় দিনে কী করতে হতো, আগের দিনে সংবাদ সম্মেলনে বলে দিয়েছিলেন লিটন দাস। জানিয়ে ছিলেন সকাল সকাল কিছু উইকেট তুলে নিলে চাপে পড়ে যাবে পাকিস্তান।

চাপে কতটা পড়লো তা সময়ই বলে দেবে। তবে সকাল সকাল উইকেট তুলে নেয়ার কাজটা সেরেছেন তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ মিলে। নতুন দিনে ৭৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান।

দিনের দ্বিতীয় ওভারর তৃতীয় বলেই প্রথম উইকেট এনে দেন তাসকিন আহমেদ। তার বল আব্দুল্লাহ ফজলের ব্যাট ছুয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। ফজল আউট হয়ে ফেরেন ২১ বলে ৯ রান নিয়ে।

পরের ওভারে এসে আরেক ওপেনার আজান আওয়াইসকেও (৩৪ বলে ১৩) ফেরান তাসকিন। বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান জোড়া উইকেট হারায় মাত্র ২ রানের মাঝেই।

সকাল সকাল ২ উইকেট হারানোর পর শান মাসুদ ও বাবর আজমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। তবে জুটি বড় হতে দেননি মেহেদী মিরাজ। ২৬ বলে ২১ রান করা মাসুদকে ফেরান তিনি।

৩ উইকেট হারিয়ে পাকিস্তানের রান দাঁড়ায় ৬১। এরপর সৌদ শাকিলকে নিয়ে হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন বাবর আজম। ২৪.৫ ওভারে দলীয় ৭৯ রানে ফেরেন শাকিল। তাকে ৮ রানেই থামান মিরাজ।

এরপর সালমান আগাকে নিয়ে আরো ১৭ রান তুলে বিরতিতে যায় পাকিস্তান। বাবর ৩৭ ও সালমান ৬ রানে অপরাজিত আছেন। লিড ভাঙতে তাদের এখনো ১৮৩ রান চাই।

উল্লেখ্য, সিলেটে টসে হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানি বোলারদের তোপে আর নিজেদের ভুলে মাত্র ১০৬ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। সেখান থেকে দলকে ২৭৮ রানে পৌঁছান লিটন দাস।