শিরোপা ধরে রাখার মিশনে নেমে একের পর এক ধাক্কা এসে পড়ছে ভারতের উপর। প্রথম ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ, এবার হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা।
জানা গেছে অভিষেক শর্মা গত দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। পেটে সংক্রমণ হয়েছে তার। ফলে বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে আছে শঙ্কা।
আজ বুধবার পিটিআই জানিয়েছে, ‘অভিষেককে দিল্লির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছু পরীক্ষা করা হচ্ছে সমস্যা সঠিকভাবে নির্ণয় করতে। এখনো নিশ্চিত না যে আজ তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে কি না। তবে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ নিয়ে সংশয় রয়েছে।’
পেটের সমস্যা আগে থেকেই জানা ছিল অভিষেকের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম বলেই আউট হন অভিষেক, করেননি ফিল্ডিংও। এরপরই তাকে ভর্তি করা হয় হাসপাতালে।
যদি অভিষেক নামিবিয়ার বিরুদ্ধে খেলতে না পরেন তাহলে ভারত ওপেনিংয়ে সাঞ্জু স্যামসনকে খেলাতে পারে। অবশ্য এই ম্যাচে ফিরতে প্রস্তুত বুমরাহ। অসুস্থতা সেরেছে তার।



