দম ফেলার ফুসরত নেই বাংলাদেশ দলের। ব্যস্ত সময় পাড় করছেন লিটন-তাসকিনরা। সামনেও অপেক্ষা করছে ব্যস্ত সূচি, আগামীতে বাংলাদেশে আসছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ হওয়ার পরদিনই ঢাকায় আসবে পাকিস্তান দল। এই সফরে দু’টি টেস্ট খেলবে তারা। যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বছরের শুরুতে যে সূচি ঘোষণা করেছিল বিসিবি, সেটি অনুযায়ী আগামী ৪ মে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান দলের। তবে নতুন সূচিতে পাকিস্তানিরা চলে আসবে ৩ মে।
অন্যদিকে কিউইদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ২ মে। অর্থাৎ এক সংস্করণ থেকে সংস্করণের সিরিজে যেতে খুব বেশি সময় পাবে না দল।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ৮ মে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট। আর ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট।
গত মাসেই বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে পাকিস্তান। সেই সফরে টেস্ট ও টি-টোয়েন্টিও ছিল। তবে পিএসএলের কারণে সফরটি ভাগ হয়ে যায়।
টি-টোয়েন্টি সিরিজটি তখন অনুষ্ঠিত হয়ে গেলেও টেস্ট সিরিজটি হচ্ছে পিএসএলের পর।



