৩ উইকেট নেই পাকিস্তানের, স্বস্তিতে বাংলাদেশ

তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজের দারুণ বোলিংয়ে ৪০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। সিলেট টেস্টে এখনো বাংলাদেশের চেয়ে ২০৮ রানে পিছিয়ে আছে পাকিস্তান, ক্রিজে আছেন বাবর আজম ও সৌদ শাকিল।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ব্যাট হাতে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ তেমন সুবিধা করতে পারেনি। ম্যাচে লড়াই ফেরাতে বাড়তি দায়িত্ব নিতে হতো বোলারদের। সেই কাজটাই করছেন তাসকিন-মিরাজরা।

রোববার (১৭ মে) দ্বিতীয় দিনে কী করতে হতো; আগের দিনে সংবাদ সম্মেলনে বলে দিয়েছিলেন লিটন দাস। জানিয়ে ছিলেন সকাল সকাল কিছু উইকেট তুলে নিলে চাপে পড়ে যাবে পাকিস্তান।

চাপে কতটা পড়লো তা সময়ই বলে দেবে। তবে সকাল সকাল উইকেট তুলে নেয়ার কাজটা সেরেছেন তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ মিলে। নতুন দিনে ৪০ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান।

দিনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই প্রথম উইকেট এনে দেন তাসকিন আহমেদ। তার বল আব্দুল্লাহ ফজলের ব্যাট ছুয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। ফজল আউট হয়ে ফেরেন ২১ বলে ৯ রান নিয়ে।

পরের ওভারে এসে আরেক ওপেনার আজান আওয়াইসকেও (৩৪ বলে ১৩) ফেরান তাসকিন। বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান জোড়া উইকেট হারায় মাত্র ২ রানের মাঝেই।

সকাল সকাল ২ উইকেট হারানোর পর শান মাসুদ ও বাবর আজমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। তবে জুটি বড় হতে দেননি মেহেদী মিরাজ। ২৬ বলে ২১ রান করা মাসুদকে ফেরান তিনি।

৩ উইকেট হারিয়ে পাকিস্তানের রান দাঁড়ায় ৬১। তবে এই মুহূর্তে সৌদ শাকিলকে নিয়ে হাল ধরার চেষ্টা করছেন বাবর আজম। ২১ ওভার শেষে পাকিস্তান তুলেছে ৭০ রান। লিড নিতে এখনো ২০৮ রান চাই তাদের।

বাবর ২৬ ও শাকিল ১ রানে ব্যাট করছেন।

উল্লেখ্য, সিলেটে টসে হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানি বোলারদের তোপে আর নিজেদের ভুলে মাত্র ১০৬ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। সেখান থেকে দলকে ২৭৮ রানে পৌঁছান লিটন দাস।