বিপিএল

আবারো হারল ঢাকা, সিলেটের দারুণ জয়

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ঢাকার মুখোমুখি হয় সিলেট। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮০ রান স্কোরবোর্ডে তোলে তারা। জবাবে ৮ উইকেটে ১৬০ রান পর্যন্ত করতে পারে ঢাকা।

নয়া দিগন্ত অনলাইন
সিলেটের দারুণ জয়
সিলেটের দারুণ জয় |সংগৃহীত

এক ম্যাচ পর আবারো পুরনো রূপে ঢাকা। আবারো হেরে বসেছে রাজধানীর দলটা। সিলেটের কাছে তাদের ঘরের মাঠে ২০ রানে হেরেছে মোহাম্মদ মিঠুনের দল। ষষ্ঠ ম্যাচে যা দলটার চতুর্থ হার। আছে পয়েন্ট টেবিলের পাঁচে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ঢাকার মুখোমুখি হয় সিলেট। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮০ রান স্কোরবোর্ডে তোলে তারা। জবাবে ৮ উইকেটে ১৬০ রান পর্যন্ত করতে পারে ঢাকা।

৫.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তুলে ভালো শুরুর আভাস দেয় ঢাকা। জুটি ভাঙে আব্দুল্লাহ আল মামুন ১১ বলে ২৪ করে ফিরলে। তবে এরপর দ্রুত দ্রুত নাসির হোসেন (৩) ও শামিম পাটোয়ারীর (১) উইকেট হারায় তারা।

তবে রাহমানুল্লাহ গুরবাজ দলকে পৌঁছে দেন তিন অঙ্কের ঘরে। নিজেও তুলে নেন ফিফটি। কিন্তু এরপর আর ইনিংস বড় হয়নি, ৪৪ বলে ৫১ রানে আউট হন তিনি। এদিকে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সাইফ হাসান।

ওপেনিং থেকে সরে আসা সাইফ ১৪ বলে ২২ রান করে আউট হন। এরপর সাব্বির রহমান ১৬ বলে ২৫* রান করেন। তবে তা কেবল হারের ব্যবধান কমায়। সিলেটের হয়ে সালমান ইরশাদ ৩ ও ২ উইকেট নেন মইন আলী।

এর আগে, সিলেটকে এদিন ভালো শুরু এনে দেন তৌফিক খান (১৭) ও ইমন। ৮ ওভার শেষে ফেরার আগে ২৪ বলে ৩২ রান করেন ইমন। এরপর দৃশ্যপটে আসেন বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা আরিফুল (৩৮)। জুটি গড়েন ওমরজাইয়ের সাথে।

এ জুটিতে যোগ হয় ৩৭ বলে ৬২ রান। আরিফুল আউট হতেই ফেরেন ওমরজাইও। ২৩ বলে ৩৩ করেন তিনি। টেকেননি আফিফ হোসেন (৬)। তবে ঝড় তোলেন মইন আলী, ২ চার ৩ ছক্কায় করেন ৮ বলে ২৮ রান।

৪ বলে ৯* রান করেন ইথান ব্রুকস, ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন মেহেদী মিরাজ। তাতে ১৮০ পর্যন্ত পৌঁছায় সিলেট। ঢাকার হয়ে ৩৫ রানে ৩ উইকেট নেন জিয়াউর রহমান শারিফি।