গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

তিনি শনিবার (৭ মার্চ) মিরপুরের বাউনিয়াবাদ, কালশী ও এভিনিউ-৫ সহ বিভিন্ন এলাকায় এসব পরিবারের বাসায় গিয়ে তাদের সাথে সময় কাটান এবং রমজান ও ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী তুলে দেন।

নয়া দিগন্ত অনলাইন
গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক |সংগৃহীত

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক রাজধানীর মিরপুরের পল্লবী ও রূপনগর এলাকায় গুম ও নিহত নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নিয়েছেন।

তিনি শনিবার (৭ মার্চ) মিরপুরের বাউনিয়াবাদ, কালশী ও এভিনিউ-৫ সহ বিভিন্ন এলাকায় এসব পরিবারের বাসায় গিয়ে তাদের সাথে সময় কাটান এবং রমজান ও ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় প্রতিমন্ত্রী প্রতিটি পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের বর্তমান অবস্থা ও সমস্যার কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

যেসব পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করেন তাদের মধ্যে ছিলেন শহীদ আসিফ ইকবালের পরিবার, ২০১৩ সালে গুম হওয়া পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তারার পরিবার, শহীদ মকবুল হোসেনের পরিবার, শহীদ রমজান মিয়া জীবনের পরিবার এবং ২০১৫ সালে গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলমের পরিবার।

পরিবারগুলোর সাথে আলাপকালে আমিনুল হক বলেন, ‘গণতন্ত্রের সংগ্রামে যারা জীবন দিয়েছেন কিংবা গুমের শিকার হয়েছেন, তারা কেবল একটি নির্দিষ্ট দলের কর্মী নন, তারা এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক। তাদের এই ত্যাগের ঋণ শোধ করা সম্ভব নয়, তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি বলেন, শহীদ ও গুম হওয়া নেতাকর্মীদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের স্মৃতি ধারণ করেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।

এ সময় প্রিয়জনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক পরিবারের সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, রাজনীতির কঠিন সময়গুলোতে আমিনুল হক তাদের কখনো ভুলে যাননি এবং বারবার পাশে দাঁড়িয়ে একজন প্রকৃত মানবিক নেতার পরিচয় দিয়েছেন। বাসস