মোসাদ্দেক নয়, শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম সাকিব

আগের দুই ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েননি কেউই। যদিও গুঞ্জন ছিল আফিফকে বাদ দিয়ে তার জায়গায় অন্তর্ভুক্ত হতে পারেন মোসাদ্দেক। তবে তা হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ দল
বাংলাদেশ দল |সংগৃহীত

গুঞ্জন ছিল ওয়ানডের দলে ফিরতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে তার সত্যতা মেলেনি। তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

অবশ্য ১৫ সদস্যের স্কোয়াড শেষ ওয়ানডেতে বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। শেষ ওয়ানডের স্কোয়াডে যুক্ত হয়েছেন তানজিম সাকিব। ঘোষিত দলে পরিবর্তন নেই আর কোনো।

বিপিএলের পরপরই পিঠে ইনজুরিতে পড়েন তানজিম। ওই চোটের কারণে ছিলেন না পাকিস্তান সিরিজে। কিউইদের বিপক্ষে সিরিজের আগে ফিট থাকলেও প্রথম দুই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি তাকে।

তবে ফিরলেন তৃতীয় ওয়ানডেতে। সম্ভাবনা আছে শেষ ম্যাচে তাকে খেলানোরও। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে ফেরানো হতে পারে তাকে।

আগের দুই ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েননি কেউই। যদিও গুঞ্জন ছিল আফিফকে বাদ দিয়ে তার জায়গায় অন্তর্ভুক্ত হতে পারেন মোসাদ্দেক। তবে তা হয়নি।

এদিকে জমে উঠেছে নিউজিল্যান্ড সিরিজ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা। ফলে শেষ ম্যাচটা রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। যা মাঠে গড়াবে আগামী ২৩ এপ্রিল, চট্টগ্রামে।

শেষ ওয়ানডেতে টাইগারদের স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব।