নাসুম ১ ও তানজিম ৩ উইকেট দূরে

২০২১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় নাসুমের। এখন পর্যন্ত ৪৯ ম্যাচের ৪৭ ইনিংসে বল করে ৪৯ উইকেট শিকার করেছেন তিনি। ২০২১ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ের স্বাদ নিয়েছেন নাসুম।

নয়া দিগন্ত অনলাইন
তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ
তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ |সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে বাংলাদেশের দুই বোলার নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

৫০ উইকেট শিকারের ক্লাবে নাম লেখাতে স্পিনার নাসুমের ১ এবং পেসার তানজিমের ৩ উইকেট প্রয়োজন।

ক্যারিয়ারের ৫০ উইকেট পূর্ণ করার লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন নাসুম ও তানজিম।

২০২১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় নাসুমের। এখন পর্যন্ত ৪৯ ম্যাচের ৪৭ ইনিংসে বল করে ৪৯ উইকেট শিকার করেছেন তিনি। ২০২১ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ের স্বাদ নিয়েছেন নাসুম।

অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৩ সালে নেপিয়ারে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় তানজিমের। ৪০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৯ ইনিংসে ৪৭ উইকেট শিকার করেছেন তিনি। ২০২৪ সালের বিশ্বকাপে কিংস্টাউনে নেপালের বিপক্ষে ৭ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন তিনি।

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সাতজন বোলার ৫০ বা তার বেশি উইকেট শিকার করেছেন। তারা হলেন- মোস্তাফিজুর রহমান (১২৬ ম্যাচে ১৫৮ উইকেট), সাকিব আল হাসান (১২৯ ম্যাচে ১৪৯ উইকেট), তাসকিন আহমেদ (৮৬ ম্যাচে ১০৬ উইকেট), রিশাদ হোসেন (৫৫ ম্যাচে ৭১ উইকেট), মাহেদি হাসান (৭০ ম্যাচে ৬৮ উইকেট), শরিফুল ইসলাম (৫৯ ম্যাচে ৬৩ উইকেট) এবং মোহাম্মদ সাইফুদ্দিন (৪৭ ম্যাচে ৫২ উইকেট)।