‘অলরাউন্ডার মোসাদ্দেককে প্রয়োজন বাংলাদেশের’

‘আমাদের কাছে মনে হয়েছে, যেখানে আফিফ ছয় নম্বরে ব্যাটিং করে, সেখানে মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে। ছয় নম্বরে তার দক্ষতা আমাদের জন্য আরো বেশি কাজে লাগবে।’

নয়া দিগন্ত অনলাইন
মোসাদ্দেক হোসেন সৈকত
মোসাদ্দেক হোসেন সৈকত |সংগৃহীত

২০২২ সালে শেষবার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর অনেক উত্থান-পতনের পর দীর্ঘ অপেক্ষা শেষে প্রায় চার বছর পর তিনি আবার ফিরেছেন জাতীয় দলে।

বুধবার (৩ জুন) ঘোষণা করা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে আছেন এই অলরাউন্ডার। দলে আছেন আরেক উপেক্ষিত মুখ নুরুল হাসান সোহান। চলতি বছর জাতীয় দলে খেলা হয়নি তার।

এদিকে, গত এপ্রিলের নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম বাদ পড়েছেন। অবশ্য তাদের ফর্মও তাদের হয়ে কথা বলছিল না মোটেও।

এই দুই ক্রিকেটারকে আরো সুযোগ না দিতে পারার আক্ষেপ আছে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠে। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অঙ্কনকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি দুর্ভাগ্যজনকভাবে। আফিফকেও যে যথেষ্ট সুযোগ দিয়েছি, সেটাও আমি বলতে পারব না। আমার মনে হয় সে আরো কিছু সুযোগ পাওয়ার যোগ্য ছিল; কিন্তু এই মুহূর্তে আমরা কিছু কৌশলগত পরিবর্তন করছি, যার কারণে এই দুটি পরিবর্তন করা হয়েছে।’

এ সময় মোসাদ্দেককে দলে ফেরানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে, যেখানে আফিফ ছয় নম্বরে ব্যাটিং করে, সেখানে মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে। ছয় নম্বরে তার দক্ষতা আমাদের জন্য আরো বেশি কাজে লাগবে।’

‘সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। আগেও খেলেছে ও প্রিমিয়ার লিগে খুব ভালো ফর্মে আছে। একই সাথে তার অলরাউন্ড সামর্থ্যও আমরা কাজে লাগাতে পারব। কারণ তার বোলিং সামর্থ্যও যথেষ্ট কার্যকর। এতে আমাদের দলের ভারসাম্য আরো ভালো হবে।’

অলরাউন্ড দক্ষতাই মোসাদ্দেককে বাকিদের চেয়ে এগিয়ে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। সুমন বলেন, ‘আমরা পাঁচজন ব্যাটার নিয়ে খেলি। ছয় নম্বর বোলারের জায়গায় মাঝে মাঝে একটু অভাব অনুভব করি। আমার মনে হয় মোসাদ্দেক তার ব্যাটিং দক্ষতা ও বোলিং দক্ষতা- দুটো দিয়েই সেই কাজটা খুব ভালোভাবে করতে পারবে।’