বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার বিসিবি জানিয়েছে, টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ ২৫০০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা, নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক), ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের (করপোরেট ব্লক) টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা করে।
গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ও লোয়ার) টিকিট পাওয়া যাবে ২ হাজার ৫০০ টাকায়।
বিসিবি আরো জানিয়েছে, স্টেডিয়ামের বুথে টিকিট বিক্রি করা হবে না। বোর্ডের ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামীকাল ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯, ১১ ও ১৪ জুন ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো সকাল ১১টায় শুরু হবে।
১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।



