বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করেই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে বেশিক্ষণ উপেক্ষা করে থাকা গেলো না। মিরপুরে নেমেছে ঝড়ো বৃষ্টি, গুমোট হয়ে আছে আকাশ। মাঠ ছেড়েছেন ক্রিকেটাররা।
অবশ্য মাঠ ছাড়ার আগে গুমোট হয়েছিল বাংলাদেশ দলের অবস্থাও। সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৩৫ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। বৃষ্টি নামার আগে যা ছিল ৬.৪ ওভারে ৫০/৩।
দলকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। আক্রমণাত্মক শুরু করেও চতুর্থ ওভারের প্রথম বলেই আউট হন সাইফ (১০ বলে ১৬)।
সাইফ ফেরার পরের ওভারে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। এবার ডিন ফক্সক্রফটের বলে বিদায় নেন তামিম। তিনি ১০ বলে করেন ৬ রান। পরের বলেই সাজঘরের পথ ধরেন পারভেজ ইমন (০)।
দ্রুত তিন উইকেট হারানো ধাক্কা সামলে উঠার চেষ্টায় ছিলেন অধিনায়ক লিটন দাস। তাওহিদ হৃদয়কে নিয়ে হাল ধরেন তিনি। যেখানে লিটন ছিলেন মারমুখী মেজাজে।
বৃষ্টি নামার আগে ১৩ বলে ৩ চার আর ১ ছয়ে ২৫ রান করছেন তিনি। ২ রান নিয়ে মাঠে আছেন তাওহিদ হৃদয়।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের প্রায় পুরোটা জুড়েই আছে বৃষ্টি। প্রথম ম্যাচে টাইগাররা জিতলেও দ্বিতীয়টি বৃষ্টির কারণে পণ্ড হয়।
ফলে শেষ ম্যাচটা হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচ মাঠে গড়ালেও পিছু ছাড়েনি বৃষ্টি।



