দুঃসময়ের বেড়াজাল ছিড়ে বেড়িয়ে এলো বাংলাদেশ। টানা দুই হারের ধাক্কা কাটিয়ে দেখা পেল জয়ের। স্কটল্যান্ডকে হারিয়ে হাফ ছেড়ে বাঁচল টাইগ্রেসরা, ফিরল শিরোপার রেসে।
স্কটল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (২ জুন) স্বাগতিকদের বিপক্ষে ৩৪ রান জিতেছে বাংলাদেশ। ১৫২ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ১১৮ রানে গুটিয়ে দিয়েছে তারা।
উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ ধাপের প্রস্তুতির শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে তারা।
এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে পায় ৮ রানে হারের তেতো স্বাদ। এবার জয়ে ফিরল নিগার সুলতানার দল। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনিই, করেন ৪৭ বলে ৫৮ রানের ইনিংস।
শুরুটা এদিনও ভালো ছিল না বাংলাদেশের। দুই ওপেনার দিলারা আক্তার ও জুরাইরা ফেরদোউসের কেউই রান পাননি। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল।
সেখান থেকে টাইগ্রেসদের টেনে নিয়ে যান দুই অভিজ্ঞ ব্যাটার নিগার ও সোবহানা মোস্তারি। মোস্তারি ৩১ বলে ৩৯ রান করে আউট হন। তবে দারুণ এক কীর্তি গড়েন নিগার সুলতানা।
হাফ সেঞ্চুরির এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এছাড়া শেষ দিকে ২০ রান করেন স্বর্ণা আক্তার। দেড় শ’ পেরোয় বাংলাদেশ।
রান তাড়ায় নামা স্কটল্যান্ডকে শুরুতে চেপে ধরে বাংলাদেশ। প্রথম ওভারেই ক্যাথেরিন ফ্রেজারকে ফিরিয়ে দেন মারুফা। পরের ওভারে আক্রমণে এসে ডার্সি কার্টার স্টাম্প ভেঙে দেন মেঘলা।
১ রানে ২ উইকেট হারানো দলকে পথে রাখার চেষ্টা চালান দুই বোন ক্যাথরিন ব্রাইস ও সারাহ ব্রাইস। তাদের ৩৫ রানের জুটি ভাঙেন মারুফা। আর ভালো শুরুর আভাস দেয়া আইসা লিস্টারকে ফিরিয়ে দেন রাবেয়া খান।
স্কটল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করা সারাহ ব্রাইসের প্রতিরোধ ভাঙেন রিতু। পরে ১৮তম ওভারে পাঁচ বলের মধ্যে তিন উইকেট নিয়ে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান তিনিই।
আর শেষ উইকেটটি নিয়ে দলকে উল্লাসে মাতান সোবহানা। সব মিলিয়ে ১২ রান দিয়ে ৪ উইকেট নেন রিতু। দু’টি করে উইকেট নেন মারুফা ও সানজিদা।



