মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
ইতোমধ্যে হয়েছে টস। তবে ভাগ্য সায় দেয়নি, টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম। ফিল্ডিং করবে বাংলাদেশ।
বাংলাদেশের জন্য প্রতিটি ওয়ানডে ম্যাচই এখন ফলাফলের পাশাপাশি র্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশের খেলাও। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজও সমান গুরুত্বপূর্ণ।
ওয়ানডেতে মোট ৪৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। নিউজিল্যান্ড জিতেছে ৩৪ ম্যাচ, বাংলাদেশ ১১ ম্যাচ। ফল হয়নি অন্য একটি ম্যাচের।
বাংলাদেশের মাটিতে এ পর্যন্ত ১৬ ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ, নিউজিল্যান্ড ৭ ম্যাচ। অন্যটি ছিল পরিত্যক্ত।
বাংলাদেশ এই ম্যাচের একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। তাসকিন আহমেদের সাথে আছেন নাহিদ রানা ও শরীফুল। শেষ মুহূর্তে এসে বিশ্রাম পেয়েছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ : মেহেদী মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।



