মঠবাড়িয়ায় ২ লাশ উদ্ধার

Printed Edition

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থান থেকে দু’টি লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে গত শনিবার রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। পরে ভোরে নেহালিয়া মাদরাসার পাশের মক্তবখানা এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

অন্যদিকে, একই এলাকায় মো: কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি এক সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ ও এর সাথে কারা জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এলাকাবাসীর সন্দেহ বিদ্যুতের পিলার সংগ্রহ করতে গিয়ে দ্বন্দ্ব হওয়ার ফলে এই জোড়া খুন সংগঠিত হতে পারে।

রশিদের স্ত্রী ময়না বেগম বলেন, গভীর রাতে কে বা কারা রশিদকে ফোন দিয়ে নিয়ে যায়। আমি যেতে নিষেধ করেছিলাম। সকালে লাশ হয়ে ফিরে এলো ।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করছে।