ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি আজ মশাল মিছিল এবং শুক্রবার বিক্ষোভ মিছিল করবে বলে জানিয়েছে।
গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, ওসমান হাদি হত্যার বিচার করা ইনকিলাব মঞ্চ বা তার পরিবারের দায়িত্ব নয়, বরং রাষ্ট্রের দায়িত্ব। এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না করে উল্টো সংগঠন ও পরিবারকে অভিযুক্ত করে বিভিন্ন বক্তব্য দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের অধিকারের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তার আদর্শ ও অবস্থানকে কেন্দ্র করে বিভিন্ন মহল তাকে রাজনৈতিকভাবে টার্গেট করেছে।
আবদুল্লাহ আল জাবের জানান, আন্দোলনের অংশ হিসেবে আজ (৪জুন) সন্ধ্যায় মশাল মিছিল এবং শুক্রবার জুমার নামাজের পর ঢাবি কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা দেশে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ওসমান হাদি হত্যার ঘটনা এখন শুধু একটি অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নের সাথে যুক্ত। এ বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।



