বিবিসি
মিয়ানমারের শান রাজ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র । এই ঘটনায় আহত হয়েছেন আরো বহু মানুষ।
চীন সীমান্তের কাছে নামখাম শহরতলির কাউং তাত গ্রামে রোববার এই মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকাটির নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্ঠী তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এক বিবৃতিতে জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ঘটা এই বিস্ফোরণে গ্রামটিতে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং আশপাশের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বিস্ফোরণস্থলে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের নিচে অনেককে চাপা পড়ে থাকতে দেখা গেছে।



