কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে যাত্রা শুরু করেছে ‘অন্য এক দিগন্ত ক্লাব’। দৈনিক নয়া দিগন্তের মাসিক প্রকাশনা ‘অন্য এক দিগন্ত’কে ঘিরে গড়ে ওঠা এ সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গতকাল শুক্রবার সকালে শহরের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। পাঠাভ্যাসের বিকাশ এবং সাংস্কৃতিক চর্চা তরুণ প্রজন্মকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে চিন্তাশীলতা, মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে।
সংগঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সংস্কৃতি চর্চার প্রসার, পাঠাভ্যাস বৃদ্ধি এবং তরুণদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। ক্লাব সদস্যরা প্রতি মাসে একটি নিয়মিত সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিটি সভায় একটি মূল (মেজর) ও একটি সহায়ক (মাইনর) বিষয় নিয়ে আলোচনা হবে। মাইনর বিষয় হিসেবে ‘অন্য এক দিগন্ত’-এর নির্বাচিত লেখা এবং মেজর বিষয় হিসেবে দর্শন, ইতিহাস, রাজনীতি বা সমকালীন গুরুত্বপূর্ণ ইস্যু অন্তর্ভুক্ত থাকবে। আগামী সভার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘জলবায়ু পরিবর্তন : হাওরে সঙ্কট’।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর শাহাদত হোসেন। যুগ্ম আহ্বায়ক বদরুল হুদা সোহেল এবং সদস্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান। উপদেষ্টা হিসেবে রয়েছেন আল আমিন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে কমিটির অন্যান্য পদ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংস্কৃতিমনা তরুণদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বক্তারা আশা প্রকাশ করেন, ‘অন্য এক দিগন্ত কাব’ ভবিষ্যতে জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



