ফেনী অফিস
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মাদক ও কিশোর গ্যাং এখন সারা দেশের সমস্যা। বিগত সরকার সব দিক থেকে সমাজকে কলুষিত করে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে মা-বাবার পাশাপাশি শিক্ষক ও সমাজের নেতৃস্থানীয়দের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
বর্তমান সরকার তরুণদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে। এর মাধ্যমে শিশুকিশোরদের মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশ হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করন এবং নৈতিক শিক্ষা দিতে হবে। তিনি রোববার বিকেলে সোনাগাজী উপজেলার নবাবপুর বি সি লাহা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এঞ্জেলস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে। এঞ্জেলস ক্লাবের সাবেক সভাপতি ও নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি উপজেলা আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, গ্রিনল্যান্ড গ্রুপের পরিচালক আনসার উদ্দিন, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া প্রমুখ। ক্লাব সভাপতি আজিমউদ্দিন স্বাগত বক্তব্য দেন।
ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির জানান, টুর্নামেন্টে জেলার বিভিন্ন স্থান থেকে ১৪টি দল অংশগ্রহণ করে।
ফাইনালে বিয়েবাড়ি শেরওয়ানি বনাম তুলাতুলি একাদশ খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে ট্রাইবেকারে তুলাতুলি একাদশকে ৪-৩ গোলে হারিয়ে বিয়েবাড়ি শেরওয়ানি চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ করতে হাজারো দর্শক অংশ নেন।



