রুহুল আমিন সৌরভ কালীগঞ্জ (ঝিনাইদহ)
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিপণিবিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের মধুগঞ্জ বাজার, নেছা শপিং মল, থানা রোড, নিমতলা বড় বাজার, ছন্দা সুপার মার্কেট ও কাপুড়িয়াপট্টি এলাকার মার্কেটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড়।
বিভিন্ন দোকানের শোকেসে সাজানো রঙিন শাড়ি ও নকশাদার পাঞ্জাবী ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। বিকেলের পর থেকে রাত পর্যন্ত দোকানপাটে ভিড় বাড়ছে। নারী, পুরুষ, তরুণ-তরুণী থেকে শুরু করে গৃহিণী ও প্রবীণরাও ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। এবার ঈদের বাজারে মেয়েদের পছন্দের তালিকায় শাড়ি এবং ছেলেদের কাছে পাঞ্জাবী সবচেয়ে বেশি জনপ্রিয়। আধুনিক পোশাকের চাহিদা থাকলেও বাঙালি নারীর কাছে শাড়ির আবেদন এখনো অটুট। একইভাবে ছেলেদের মধ্যেও ঐতিহ্যবাহী পাঞ্জাবীর প্রতি আগ্রহ দেখা যাচ্ছে। শহরের কাপুড়িয়াপট্টি ও মধুগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে সারি সারি ঝুলছে বিভিন্ন ডিজাইন ও রঙের শাড়ি এবং পাঞ্জাবী। কটনের আরামদায়ক কাপড় থেকে শুরু করে জমকালো পার্টি পোশাক সব ধরনের পোশাকই পাওয়া যাচ্ছে বাজারে।
নিমতলা চাপালীর বাসিন্দা ফাতেমা খাতুন রেখা পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে এসে বলেন, ‘ঈদ মানেই নতুন পোশাকের আনন্দ। বাচ্চারা নতুন কাপড় পেলে খুব খুশি হয়। তাদের আনন্দেই পরিবারের সবাই আনন্দ পাই।’ বড় বাজারের ‘রেমন্ড কালেকশন’-এর স্বত্বাধিকারী খলিলুর রহমান জানান, ঈদ উপলক্ষে দোকানে নতুন নতুন ডিজাইনের শাড়ি আনা হয়েছে এবং ক্রেতাদের আগ্রহও ভালো। রাজটিক ফ্যাশনের মালিক হাজী মসলেম উদ্দিন জানান, আধুনিকতার সাথে ঐতিহ্যের মিশেল রেখে পোশাক তৈরি করা হয়েছে, যাতে সব বয়সী ক্রেতারা নিজেদের পছন্দের পোশাক খুঁজে পান। তিনি বলেন, এ বছর তরুণদের মধ্যে পাঞ্জাবীর চাহিদা বেশ লক্ষণীয় এবং শাড়ি ও পাঞ্জাবী প্রায় সমানতালে বিক্রি হচ্ছে।



