নয়া দিগন্ত ডেস্ক
গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলি সামরিক অভিযানের ফলে পুরো শহর, কৃষিজমি ও কবরস্তান মানচিত্র থেকে মুছে যাচ্ছে বলে নতুন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। সম্প্রতি গুগল আর্থে যুক্ত হওয়া উচ্চ-রেজুলিউশনের ছবিগুলোতে খান ইউনুস ও রাফাহ অঞ্চলের ব্যাপক ধ্বংসের চিত্র উঠে এসেছে। খবর আলজাজিরার।
খান ইউনুসের মান এলাকায় অবস্থিত শেখ মোহাম্মদ কবরস্থান, যেখানে বহু ফিলিস্তিনি পরিবারের স্বজনদের কবর ছিল, এখন সেখানে ইসরাইলি সামরিক ঘাঁটি ও সাঁজোয়া যান দেখা যাচ্ছে। মানবাধিকার সংগঠন ইউরো-মেড মনিটরের তথ্য অনুযায়ী, গাজার ৯৪ শতাংশ কবরস্থান আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
স্যাটেলাইট চিত্রে দেখা যায়, রাফাহর বহু আবাসিক এলাকা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাল আস-সুলতানের সৌদি আবাসন প্রকল্প, যেখানে শত শত পরিবার বসবাস করত, এখন কেবল ধ্বংসাবশেষ। একইভাবে উপকূলীয় ‘সুইডিশ ভিলেজ’ নামে পরিচিত এলাকাটিও প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে এবং সেখানে সামরিক স্থাপনা গড়ে তোলা হয়েছে।



